বিশ্বকাপের মাঝে বাবা হারালেন রিংকু সিং

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেই নেমে এলো ব্যক্তিগত শোকের ছায়া। ভারতের ক্রিকেটার রিংকু সিংয়ের বাবা খানচাঁদ সিং ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থা সংকটজনক ছিল।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্টেজ–ফোর ক্যানসারে আক্রান্ত খানচাঁদ সিং গ্রেটার নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। বাবার শারীরিক অবস্থার খবর পেয়ে বিশ্বকাপ শিবির ছেড়ে দ্রুত হাসপাতালে ছুটে গিয়েছিলেন রিংকু। পরে দলের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় আবারও স্কোয়াডে যোগ দেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকলেও বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন রিঙ্কু। ব্যক্তিগত শোকের মধ্যেও দলের পাশে থাকার এই দৃশ্য অনেকের মন ছুঁয়ে যায়।
রিংকু ক্রিকেটযাত্রার পেছনে বড় প্রেরণা ছিলেন তার বাবা। আলিগড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহের কাজ করতেন খানচাঁদ সিং। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলের স্বপ্ন থামতে দেননি। স্থানীয় মাঠ থেকে জাতীয় দলে ওঠার দীর্ঘ পথচলায় বাবার সমর্থন ছিল অবিচল।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তিনি লিখেছেন, ‘এই কঠিন সময়ে রিংকু ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। ঈশ্বর যেন প্রয়াত আত্মাকে শান্তি দেন এবং পরিবারকে শক্তি দেন।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রিংকুর সময়টা খুব উজ্জ্বল নয়। পাঁচ ইনিংসে করেছেন মাত্র ২৪ রান। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামা এবং কম বল পাওয়ায় বড় ইনিংস গড়ার সুযোগও পাননি তিনি। সাম্প্রতিক ম্যাচে তার জায়গায় খেলেছেন সঞ্জু স্যামসন।
ভারত এখন কলকাতায় যাবে সুপার এইটের শেষ ম্যাচ খেলতে, যেখানে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কার্যত এটি নকআউটের লড়াই—জিতলেই সেমিফাইনাল নিশ্চিত।