মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। রোববার রাতে পুলিশের নিয়মিত তল্লাশির সময় ব্রেথালাইজার পরীক্ষায় নির্ধারিত সীমার দ্বিগুণ অ্যালকোহল পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে তাকে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়।
৩৯ বছর বয়সি ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন এবং দলটির অধিনায়কত্ব করছেন। সূচির ফাঁকে ব্যক্তিগত কারণে এক সপ্তাহের জন্য অস্ট্রেলিয়ায় ফেরার অনুমতি পেয়েছিলেন তিনি। এই সময়েই ঘটে এই ঘটনা।
করাচি কিংস তাদের সর্বশেষ ম্যাচ খেলেছে ২ এপ্রিল, যেখানে ওয়ার্নার অর্ধশতক করে দলকে জয়ে ভূমিকা রাখেন। দলটির পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল। জানা গেছে, এই আইনি জটিলতা তার পিএসএলে ফেরার পরিকল্পনায় প্রভাব ফেলছে না এবং নির্ধারিত সময়েই পাকিস্তানে ফিরে খেলতে পারবেন তিনি।
চলতি পিএসএলে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে করাচি কিংস। তিন ম্যাচেই জয় তুলে নিয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে আছে তারা। ৯ এপ্রিলের ম্যাচটি হবে তাদের হোম ভেন্যু করাচিতে প্রথম ম্যাচ।
সম্প্রতি বিগ ব্যাশ লিগে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন ওয়ার্নার। সিডনি থান্ডারের হয়ে গড়ে ৮৬.৬ রান করে টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হন তিনি।
ওয়ার্নারকে আগামী ৭ মে সিডনির আদালতে হাজিরা দিতে হবে। সময়সূচি অনুযায়ী, এতে পিএসএলের বাকি অংশে তার অংশগ্রহণে কোনো বাধা তৈরি হওয়ার কথা নয়। কারণ, টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩ মে লাহোরে।
এ বিষয়ে করাচি কিংস কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


