logo

লিটনকে নিয়ে এখনও শতভাগ নিশ্চিত নন শান্ত

লিটনকে নিয়ে এখনও শতভাগ নিশ্চিত নন শান্ত
লিটনের ফিটনেস নিয়ে এখনো নিশ্চিত নন শান্ত। ছবি: কোলাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিনও লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। নিতম্বের চোট থেকে সেরে ওঠার পথে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার মঙ্গলবার অনুশীলনে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন। তবে তার ফিটনেস নিয়ে এখনো ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত প্রতিবেদন পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই মিরপুর টেস্টে লিটন খেলবেন কি না, তা নিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না তিনি।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটনের ফিটনেস নিয়ে কথা বলেন শান্ত। অনুশীলনে তার অগ্রগতিতে সন্তুষ্ট হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মেডিকেল দলের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখন পর্যন্ত ভালো আছে। কিন্তু এখনো ফিজিও ও ট্রেনার ওইভাবে রিপোর্টটা দেয়নি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করছি। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে খেলবে। তবে এখনো শতভাগ রিপোর্টটা পাইনি। যদিও অনুশীলনে ব্যাটিং, ফিল্ডিং সবকিছুই করেছে।’

নিতম্বের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন। ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কারণে ফিটনেস পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে পারেননি তিনি। এরপর দেশে ফিরে শুরু হয় তার পুনর্বাসন কার্যক্রম।

টেস্ট সিরিজ সামনে রেখে গত কয়েক দিন ধরে অনুশীলন করছেন লিটন। নেটে দীর্ঘ সময় ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করেছেন। তবে অনুশীলনে স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হয়েছেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

এর আগে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, প্রথম টেস্টে লিটনের খেলার সম্ভাবনা ৫০-৫০। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছিলেন তিনি।

অন্যদিকে সোমবার সংবাদ সম্মেলনে লিটনকে নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। তার জানা অনুযায়ী, লিটন ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিলেন। পরিস্থিতির কোনো পরিবর্তন হলে সেটি জানানো হবে বলেও জানিয়েছিলেন তিনি।

তবে এক দিন পর অধিনায়ক শান্তর বক্তব্যে স্পষ্ট হয়েছে, লিটনকে একাদশে রাখার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়ন পাওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের টেস্ট ব্যাটিং লাইনআপে লিটনের উপস্থিতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিডল অর্ডারে তার অভিজ্ঞতা এবং উইকেটকিপিংয়ের দক্ষতা দলের জন্য বাড়তি সুবিধা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে তাকে পেতে আগ্রহী বাংলাদেশ।

তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে লিটনকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। কারণ, চোট আবার ফিরে এলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল করে ফাইনালে ওঠার সম্ভাবনা আরও শক্তিশালী করতে চায় শান্তর দল। সেই লক্ষ্যেই বুধবার সকাল ১০টায় প্রথম টেস্টে মাঠে নামবে স্বাগতিকরা।