কবে দেশে ফিরতে পারেন জানালেন সাকিব
-1775454970-10403_1775454985.webp)
প্রায় দুই বছর ধরে দেশের বাইরে থাকা দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা এই অলরাউন্ডার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন অনেক বিষয় নিয়ে। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার বাংলাদেশে ফেরা এখন পুরোপুরি নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর।
২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। সেই প্রেক্ষাপটে তৈরি হওয়া আইনি জটিলতাই তার দেশে ফেরার পথে প্রধান বাধা।
সাকিব বলেন, ‘আমি আশাবাদী। সবসময়ই একজন আশাবাদী মানুষ ছিলাম। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি… যত দ্রুত সমাধান হবে, আমি তত দ্রুতই ফিরতে পারব।’
দেশে ফেরাকেই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি। এ প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, ‘এটা তো পরের বিষয়… আমার প্রথম অগ্রাধিকার হলো দেশে ফেরা।’
বিসিবির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি বিসিবির মাধ্যমেই যোগাযোগ হচ্ছে… আমার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। নিজের উদ্যোগে সব কিছু করার চেষ্টা করছি।’
আইনি প্রক্রিয়া নিয়ে আরও সমন্বয়ের প্রয়োজন ছিল বলেও মনে করেন সাকিব। তার ভাষায়, ‘আইনি প্রক্রিয়াগুলো বিসিবির মাধ্যমে হলে জিনিসটা আরও তাড়াতাড়ি সমাধান হতে পারত।’
দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় মানসিক দিকটিও সামনে এসেছে তার কথায়। তিনি বলেন, ‘যে কোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে অবশ্যই দেশকে মিস করবে… আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি।’
সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বা অবসর নয়, আপাতত একটাই লক্ষ্য সাকিবের সামনে। আইনি জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরা।