শেষ ওভারের নাটকীয়তায় পিএসএলে মুস্তাফিজদের হার

পাকিস্তান সুপার লিগে শেষ ওভারের নাটকীয়তায় বলের কন্ডিশন পরিবর্তনের অভিযোগে ৫ রান জরিমানায় হার মানতে হয়েছে মুস্তাফিজ-ইমনদের লাহোর কালান্দার্সকে।
রোববার (২৯ মার্চ) শেষ ওভারে করাচি কিংসের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান, হাতে ছিল পাঁচ উইকেট। এমন সময় ম্যাচে নাটকীয় মোড় নেয়। বলের অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে তা পরিবর্তনের সিদ্ধান্ত নেন আম্পায়াররা, আর সেই সঙ্গে লাহোর কালান্দার্সকে করা হয় ৫ রান জরিমানা। তাতেই সমীকরণ নেমে আসে ৬ বলে ৯ রানে, যা শেষ পর্যন্ত সহজ করে দেয় করাচি কিংসের জয়।
হারিস রউফের করা শেষ ওভারের শুরুতেই সিকান্দার রাজা দারুণ এক ক্যাচে খুশদিল শাহকে ফেরান। তবে তাতে ম্যাচের গতি থামেনি। পরের বল ওয়াইড হওয়ার পর চাপ আরও কমে যায় করাচির ওপর। এরপর টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে আব্বাস আফ্রিদি দলকে জয় এনে দেন। ফলে টানা দ্বিতীয় ম্যাচ জেতে করাচি, আর প্রথম পরাজয়ের স্বাদ পায় লাহোর।
ছোট লক্ষ্য নিয়েও লাহোরের বোলাররা দারুণ লড়াই উপহার দেন। ১২৮ রানের পুঁজি নিয়েও এক সময় ম্যাচের নিয়ন্ত্রণে ছিল তারা। ১৫ ওভার শেষে করাচির সংগ্রহ ছিল ৫ উইকেটে ৮৮ রান। সেখান থেকে আজম খান, খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির ছোট ছোট ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয়। তবে শেষ পর্যন্ত জরিমানার ৫ রানও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
বোলিংয়ে লাহোরের হয়ে দুর্দান্ত ছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও ছিলেন নিয়ন্ত্রিত। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন একটি উইকেট। উবাইদ শাহ ও উসমান মীরও কৃপণ বোলিং করেন।
মুস্তাফিজ তার প্রথম ওভারেই উইকেট পান, অষ্টম ওভারে মাত্র ১ রান দিয়ে সাদ বেগকে আউট করেন। পরের স্পেলেও ছিলেন কার্যকর, তবে শেষ দিকে কিছুটা রান খরচ করতে হয় তাকে।
এর আগে ব্যাট করতে নেমে লাহোর সংগ্রহ করে ৯ উইকেটে ১২৮ রান। আবদুল্লাহ শফিক ৩৩ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন। বাংলাদেশের পারভেজ হোসেন খেলেন ১২ রানের ছোট ইনিংস।
সব মিলিয়ে, বল পরিবর্তন ও জরিমানার নাটকীয় মুহূর্তেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।