logo

বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক প্রভাব নিয়ে উইজডেনের সতর্কবার্তা

বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক প্রভাব নিয়ে উইজডেনের সতর্কবার্তা

বিশ্ব ক্রিকেটে ভারতের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। ক্রিকেটের বাইবেলখ্যাত এই ম্যাগাজিনের ভাষায়, খেলাটির পরিচালনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ক্রমেই ‘অরওয়েলিয়ান’ সহজ ভাষায় অতিরিক্ত নিয়ন্ত্রণ আর প্রভাব খাটানোতে রূপ নিচ্ছে।

১৮৬৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসা উইজডেনকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য বার্ষিক দলিল হিসেবে ধরা হয়। এবারের সংস্করণে সম্পাদক লরেন্স বুথ বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাবকে ‘অস্বাস্থ্যকর’ এবং ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ বলে উল্লেখ করেছেন।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শীর্ষ নেতৃত্বেও ভারতীয়দের উপস্থিতি তুলে ধরা হয়েছে এই আলোচনায়। চেয়ারম্যান জয় শাহ এবং প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত—দুজনই ভারতীয় হওয়ায় প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছে উইজডেন।

প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ডকে শাসক দল বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত বলেও ইঙ্গিত করা হয়েছে। এতে বলা হয়, ক্রিকেটের মতো একটি বৈশ্বিক খেলায় রাজনৈতিক প্রভাব বাড়তে থাকলে তা খেলাটির স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

২০২৫ সালের এশিয়া কাপের ঘটনাও তুলে ধরা হয়েছে বিশ্লেষণে। ভারত-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের করমর্দন না করা এবং ম্যাচ ঘিরে রাজনৈতিক বার্তা আদান-প্রদানকে ক্রিকেটে রাজনীতির সরাসরি প্রভাবের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘটনাও আলোচনায় এসেছে। সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

উইজডেনের মতে, বিশ্ব ক্রিকেট পরিচালনায় এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে শক্তিধর দেশগুলোর প্রভাব অন্যদের ওপর চাপ সৃষ্টি করছে। আর এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে খেলাটির জন্য ক্ষতিকর হতে পারে।

সব মিলিয়ে, ক্রিকেটের মাঠের বাইরের বাস্তবতা যে ক্রমেই বড় হয়ে উঠছে, সেটিই আবারও সামনে এনে দিয়েছে উইজডেনের এই মন্তব্য।