বিপিএলের দ্বাদশ আসর শেষে কে কোন পুরস্কার পেল

জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। শুক্রবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।
ছয় দল ও ৩৪ ম্যাচের দীর্ঘ আসরে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিলেন অনেক ক্রিকেটার। মৌসুম শেষে সেসব নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের বিপিএলে মোট প্রাইজমানি ছিল প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্সআপ হিসেবে চট্টগ্রাম রয়্যালসের ঘরে গেছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে ৬২ বলে দুর্দান্ত সেঞ্চুরি করা রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম জিতেছেন ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার। এই পারফরম্যান্সের জন্য তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন একাধিক ক্রিকেটার। ৩৯৫ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন, যিনি জিতেছেন সেরা ব্যাটারের পুরস্কার।
বোলিংয়ে দাপট দেখিয়েছেন চট্টগ্রামের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এক আসরে রেকর্ড ২৬ উইকেট নিয়ে তিনি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। একই সঙ্গে তিনি জিতেছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারও। সব মিলিয়ে শরিফুলের প্রাপ্ত পুরস্কারের অঙ্ক দাঁড়িয়েছে ১৫ লাখ টাকা।
ফিল্ডিংয়ে সেরা হয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস, যিনি পেয়েছেন ৩ লাখ টাকার পুরস্কার। আর উদীয়মান ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন রাজশাহীর তরুণ পেসার রিপন মণ্ডল, তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।
বিপিএল ২০২৬ : পুরস্কার তালিকা (এক নজরে)
- চ্যাম্পিয়ন : রাজশাহী ওয়ারিয়র্স
- রানার্সআপ : চট্টগ্রাম রয়্যালস
- ম্যান অব দ্য ফাইনাল : তানজিদ হাসান তামিম
- সর্বোচ্চ উইকেট শিকারি : শরিফুল ইসলাম (২৬ উইকেট)
- সর্বোচ্চ রান সংগ্রাহক : পারভেজ হোসেন ইমন (৩৯৫ রান)
- প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : শরিফুল ইসলাম
- বেস্ট ফিল্ডার : লিটন দাস
- ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : রিপন মণ্ডল


