রিশাদের ঘূর্ণিতে ১৪৩ রানে থামল দুরন্ত একাদশ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৪৩ রানেই গুটিয়ে গেছে দুরন্ত একাদশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ধূমকেতু একাদশের বিপক্ষে ইনিংসের শুরুটা মন্দ না হলেও মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়া হয়নি তাদের। বল হাতে ধূমকেতুর হয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
দুরন্তর হয়ে ওপেনিং জুটিতে জিসান আলম ও মাহফিজুল ইসলাম রবিন যোগ করেন ৩১ রান। জিসান মাত্র ৬ বল খেলে ১৪ রান করে ফিরলেও রবিন কিছুটা সময় ক্রিজে থেকে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিন নম্বরে নামা আজিজুল হাকিম তামিম ২১ বলে ১৬ রান করেন। চারে নেমে আরিফুল ইসলাম দ্রুত আউট হয়ে গেলে চাপ বাড়ে ব্যাটিং লাইনে।
এক প্রান্ত আগলে রাখা রবিন শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৯ রান করে আউট হন দলীয় ৭৫ রানে। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি দুরন্ত। শেষ দিকে এসএম মেহেরব হোসেন ১০ বলে ১৫ রানের ছোট ঝড় তোলেন, আকবর আলী করেন ১০ বলে ১৮ রান। ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে জাওয়াদ আবরার ৮ বলে ১০ রান যোগ করেন, আবদুল গাফফার সাকলাইন খেলেন ১৫ বলে ১৫ রানের ইনিংস। তবে ধারাবাহিক উইকেট পতনে নির্ধারিত ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় দলটি।
ধূমকেতু একাদশের বোলিং আক্রমণে সবচেয়ে কার্যকর ছিলেন রিশাদ হোসেন, ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট তুলে নেন।