logo

হারের পরও নাহিদের প্রশংসায় পঞ্চমুখ কেলি

হারের পরও নাহিদের প্রশংসায় পঞ্চমুখ কেলি

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ বলে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জয়ের পথে নিতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটার নিক কেলি। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, এই ম্যাচে বাংলাদেশই সবদিক দিয়ে এগিয়ে ছিল।

কেলির মতে, উইকেটের আচরণই বড় পার্থক্য গড়ে দিয়েছে। শুরুতে পিচে কিছুটা ঘাস ও সহায়তা ছিল বোলারদের জন্য, যা কাজে লাগিয়েছে বাংলাদেশের পেসাররা।

তিনি বলেন, ‘বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করেছে। আমরা যখনই একটি জুটি গড়তে চেয়েছি, তখনই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি, যা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার প্রধান কারণ।’

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার প্রশংসায় ভাসান কেলি। তার মতে, নাহিদের গতি, সুইং ও ধারাবাহিকতা ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ‘নাহিদ সত্যিই দারুণ প্রতিভাবান। সে শুরু থেকেই ভালো গতিতে বল করে এবং পুরো স্পেল জুড়ে সেই গতি ধরে রাখতে পারে। এমন বোলারকে মোকাবিলা করা সহজ নয়।’

কেলি আরও উল্লেখ করেন, এই ম্যাচে নাহিদ আগের চেয়ে বেশি স্টাম্পে আক্রমণ করেছেন এবং অতিরিক্ত গতি ও বাউন্স কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন।

নিজেদের ব্যাটিং নিয়েও আত্মসমালোচনা করেছেন কেলি। তার মতে, দলীয় সংগ্রহ আরও বড় হওয়া উচিত ছিল।

তিনি বলেন, আমাদের অন্তত ২৪০-২৫০ রান করা দরকার ছিল। তাহলে ম্যাচটা ভিন্নরকম হতে পারত।

বাংলাদেশের ব্যাটিং নিয়েও প্রশংসা করেন এই কিউই ব্যাটার। তিনি বলেন, স্বাগতিকরা শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে এবং ছোট লক্ষ্য দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

শেষে কেলি বলেন, সিরিজ এখন ১-১ সমতায়, তাই শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই নামবে নিউজিল্যান্ড।