নাসুমের কোনো বকেয়া নেই, দাবি সিলেট টাইটান্সের

ক্রিকেটার নাসুম আহমেদের বকেয়া পাওনা নিয়ে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘বিভ্রান্তিকর’ দাবি করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স।
সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বিপিএল ২০২৫-২৬ মৌসুমে চুক্তি অনুযায়ী নাসুম আহমেদের মোট পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা, যা ইতোমধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। ফলে তার কোনো বকেয়া অর্থ বর্তমানে বাকি নেই।
বোনাস সংক্রান্ত আলোচনার প্রসঙ্গে সিলেট টাইটান্স জানিয়েছে, নিলামের আগে কিছু মৌখিক আলোচনা হলেও তা চুক্তির অংশ ছিল না। সেখানে শর্ত ছিল দল চ্যাম্পিয়ন হলে অতিরিক্ত বোনাস দেওয়া হবে। কিন্তু দল সেই লক্ষ্য অর্জন করতে না পারায় বোনাস প্রদানের বাধ্যবাধকতা তৈরি হয়নি।
পেমেন্ট পদ্ধতি নিয়েও ব্যাখ্যা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের দাবি, নাসুমের অনুরোধেই তার পাওনা নগদে পরিশোধ করা হয়। অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে অগ্রিম দেওয়া চেক পরে ফেরত দেওয়া হলেও নাসুম এখনও সেই চেকগুলো ফেরত দেননি বলেও দাবি করেছে সিলেট কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, বিসিবি কার্যালয়ে উপস্থিত থেকে পাওনা বুঝে নেওয়ার দিনেও নাসুম উপস্থিত ছিলেন না এবং পরবর্তীতে একাধিকবার অনুরোধ সত্ত্বেও চেক ফেরত দেননি, যা অনাকাঙ্ক্ষিত।
সিলেট টাইটান্স জানিয়েছে, তারা সবসময় খেলোয়াড়দের প্রাপ্য সম্মান ও পেশাদারত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তারা আশা করছে, এই ব্যাখ্যার পর বিষয়টি নিয়ে সকল ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।