logo
Advertisement

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ, এশিয়াডেও অনিশ্চিত

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ, এশিয়াডেও অনিশ্চিত
ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। ছবি: গেটি ইমেজ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। নতুন করে পাঁজরের পাশের পেশিতে চোট পেয়েছেন ভারতের এই স্পিনার। চোটের কারণে আসন্ন এশিয়ান গেমসে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়েছে।

রোববার দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন বরুণ। ভারতের ৭ উইকেটের জয়ে চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। ম্যাচের পর অস্বস্তির কথা জানানোর পর পরীক্ষা করে তার নতুন চোট ধরা পড়ে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এটি নতুন চোট। এমআরআইয়ে পাঁজরের পাশের পেশিতে টান ধরা পড়েছে। সে সিরিজ থেকে ছিটকে গেছে।’

চোটের বিস্তারিত পরীক্ষা ও পুনর্বাসনের জন্য বরুণকে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে ফিরতে বলা হয়েছে। সেখানকার পরীক্ষার ফলের ওপরই নির্ভর করবে এশিয়ান গেমসে তার খেলার সম্ভাবনা। ভারতের এশিয়ান গেমস দলেও রয়েছেন ৩৫ বছর বয়সী এই স্পিনার।

এর আগে ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বরুণ। প্রায় দুই মাস পুনর্বাসনের পর আফগানিস্তান সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় পাস করে দলে ফিরেছিলেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের প্রথম ম্যাচের পরই আবার চোটে পড়লেন।

ভারতের চোটের তালিকায় বরুণই একমাত্র নন। পেসার হর্ষিত রানা আগেই চোটের কারণে আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দুই দলেই নেওয়া হয়েছে যশ ঠাকুরকে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। দিল্লিতেই দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। এরপর এশিয়ান গেমসের আগে ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এশিয়ান গেমসে তাদের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর।