logo
Advertisement

এবার ঘরোয়া ক্রিকেট খেলতেও বাধার মুখে রিজওয়ান-ইমাম

এবার ঘরোয়া ক্রিকেট খেলতেও বাধার মুখে রিজওয়ান-ইমাম
ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ান। ছবি: ন্যাশন.পিকে

একদিকে সাইবার তদন্ত, অন্যদিকে এবার মাঠে ফেরার পথেও বাধা। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক আসন্ন প্রেসিডেন্টস ট্রফির শুরুতে খেলতে পারছেন না। বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষার রিপোর্ট জমা না পড়ায় দুজনকে আপাতত প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

শনিবার শুরু হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১। এর মাত্র এক দিন আগে রিজওয়ান ও ইমামের না খেলার খবর সামনে এসেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দুই ক্রিকেটার নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বিভাগীয় দলের অধীনে প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষা দেননি। ফলে তাদের রিপোর্টও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে জমা পড়েনি। এই অবস্থায় টুর্নামেন্টে মাঠে নামার অনুমতি পাচ্ছেন না তাঁরা।

অথচ এক দিন আগেই ঘোষিত স্কোয়াডে দুজনকেই রাখা হয়েছিল। ইমামকে ওজিডিসিএলের অধিনায়ক করা হয়। অন্যদিকে এসএনজিপিএলের সহ-অধিনায়ক ছিলেন রিজওয়ান। নিয়মিত অধিনায়ক শান মাসুদ প্রথম রাউন্ডে না থাকায় দলের নেতৃত্ব দেওয়ার কথাও ছিল তাঁর।

পিসিবির নতুন ঘরোয়া ক্রিকেট নীতিমালায় প্রথম শ্রেণির ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম স্তরের ক্রিকেটারদের ১১ ধরনের পরীক্ষায় অংশ নিতে হয় এবং ফল সরাসরি বোর্ডের মেডিকেল ও স্পোর্টস সায়েন্স বিভাগে পাঠানো হয়।

রিজওয়ান ও ইমামের জন্য সময়টা এমনিতেই স্বস্তির নয়। ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের পর দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে ছিলেন তারা। এরপর বৃহস্পতিবার লাহোরে দুজনকে জিজ্ঞাসাবাদ করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি।

সেই তদন্তে তাদের মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম। তবে ঠিক কোন অভিযোগকে কেন্দ্র করে তদন্ত চলছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানীয় প্রতিবেদনে ভিন্ন ভিন্ন কারণের কথা বলা হচ্ছে।

এর মধ্যেই ঘরোয়া ক্রিকেটে খেলতে না পারা দুজনের জন্য নতুন ধাক্কা।

প্রেসিডেন্টস ট্রফিতে ইমামের ওজিডিসিএলের প্রথম ম্যাচ পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে। আর রিজওয়ানের এসএনজিপিএল প্রথম রাউন্ডে খেলবে স্টেট ব্যাংক অব পাকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টটি চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

ফিটনেস পরীক্ষা সম্পন্ন করে পরে তাঁরা টুর্নামেন্টে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।