Advertisement

সাকিবের সব রেকর্ড মুছে ফেলতে বললেন শফিকুল আলম

এশিয়া পোস্ট স্পোর্টস
সাকিবের সব রেকর্ড মুছে ফেলতে বললেন শফিকুল আলম
শফিকুল আলম ও সাকিব আল হাসান। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস থেকে সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও অর্জন মুছে ফেলার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাকিবের প্রকাশ্য সমর্থনের কঠোর সমালোচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এই আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল লেখেন, বিসিবির উচিত সাকিবের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা।’

সাকিবের নাম ও রেকর্ড ক্রিকেটের ইতিহাস থেকে মুছে ফেললেও বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন সাবেক এই প্রেস সচিব।

পোস্টে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রক্টর ও এডি বারলোর প্রসঙ্গও টানেন শফিকুল। বর্ণবাদী শাসনব্যবস্থার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন ছিল দক্ষিণ আফ্রিকা। সেই সময়ের ক্রিকেটারদের উদাহরণ দিয়ে নিজের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

সাকিবের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর সমালোচনা করেছেন শফিকুল। বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তার অংশ নেওয়া এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতি প্রকাশ্য সমর্থনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শফিকুলের ভাষায়, সাম্প্রতিক অবস্থানের পর সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে সম্মানজনক জায়গা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রতি নিজের রাজনৈতিক আনুগত্যের কথা স্পষ্ট করেন সাকিব। শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ উল্লেখ করে তার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ করার কথাও জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

একই সাক্ষাৎকারে নিরাপত্তা নিশ্চিত করা হলে বাংলাদেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আগ্রহের কথা জানান সাকিব। দেশে একটি বিদায়ী সিরিজ খেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার আশাও প্রকাশ করেন তিনি।

তবে শেখ হাসিনাকে সমর্থন করে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পর সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ক্রিকবাজকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ তিনি দেখছেন না।