logo

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে জয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বুধবার নামিবিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে পরের পর্বে ওঠা নিশ্চিত করে সালমান আগার দল।

২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে, খেলতে পারে ১৭.৩ ওভার। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে আফ্রিকার দলটি।

নামিবিয়ার হয়ে লরেন স্টিনক্যাম্প ও জান ফ্রাইলিংক উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করলেও তা বড় ইনিংসে রূপ নিতে পারেনি। ফ্রাইলিংক ১১ বলে ৯ রান করে ফিরলে ভাঙে জুটি। পাওয়ারপ্লের শেষ দিকে জান নিকোল লফটি-ইটনের রানআউটে চাপে পড়ে নামিবিয়া। স্টিনক্যাম্প ২২ বলে ২৩ রান করলেও মোহাম্মদ নওয়াজ তাকে ফেরান। অধিনায়ক গেরহার্ড ইরাসমাসও বড় কিছু করতে পারেননি।

মাঝের ওভারে আলেকজান্ডার বুসিং–ভলসেঙ্ক ২০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শাদাব খানের ঘূর্ণিতে সেটিও থেমে যায়। এরপর উসমান তারিকের ঝোড়ো স্পেলে দ্রুত ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৯৭ রানেই অলআউট হয় দলটি।

পাকিস্তানের হয়ে উসমান তারিক ৩.৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। শাদাব খান তুলে নেন ৩টি উইকেট। সালমান মির্জা ও মোহাম্মদ নওয়াজ নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান গড়ে ১৯৯ রানের সংগ্রহ। ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো ভিত এনে দেন। ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর অধিনায়ক সালমান আলী আগা ও ফারহান মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৭ রান।

ফারহান ছিলেন দিনের সেরা তারকা। দারুণ ছন্দে ব্যাট চালিয়ে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতক। ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে তিনি হাঁকান ১১টি চার ও ৪টি ছক্কা। শেষ দিকে শাদাব খান ২২ বলে ৩৬ রান যোগ করলে পাকিস্তানের স্কোর পৌঁছে যায় ২০০–এর কাছাকাছি।

এই জয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করল পাকিস্তান। ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়ে নিজেদের শিরোপা–দাবি আরও জোরালো করলেন সবুজ জার্সিধারীরা।