logo

বিশ্বকাপ ফুটবলের সময় জিম্বাবুয়েতে খেলবে মিরাজ-শান্তরা

বিশ্বকাপ ফুটবলের সময় জিম্বাবুয়েতে খেলবে মিরাজ-শান্তরা
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের দৃশ্য। পুরোনো ছবি

দেশজুড়ে তখন থাকবে ফুটবল বিশ্বকাপের উত্তাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলবে ফুটবলের সবচেয়ে বড় আসর। কিন্তু ঠিক সেই সময়ই ক্রিকেট মাঠে ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় দল। জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে মিরাজ-শান্তরা। সফরে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হবে ২৮ জুন। হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্টটি চলবে ২ জুলাই পর্যন্ত। এরপর একই ভেন্যুতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ যাবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। অর্থাৎ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব, সেমিফাইনাল ও ফাইনালের সময়ও বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা থাকবে জিম্বাবুয়েতে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই। একই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টিও নির্ধারিত। ফলে ফুটবল বিশ্বকাপের শেষ দিনের আলোচনার মধ্যেও ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে মিরাজ-শান্তদের দিকে।

বাংলাদেশের জন্য সফরটি শুধু সূচির কারণে আলাদা নয়, মাঠের হিসাবেও গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ সফরটা সুখের ছিল না বাংলাদেশের। ২০২২ সালের জুলাই-আগস্টে হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজও শেষ হয়েছিল সমতায়। গত বছর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে তিন উইকেটের স্মরণীয় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। সেটি ছিল চার বছর পর তাদের প্রথম টেস্ট জয়। পরে সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

জিম্বাবুয়ের জন্যও সিরিজটির গুরুত্ব বড়। চলতি বছর ঘরের মাঠে এটিই তাদের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্সের পর প্রথমবার ঘরের দর্শকের সামনে নামবে তারা। ওই বিশ্বকাপে প্রথমবার সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে হারিয়েছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে।

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের এই সিরিজকে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর লড়াই হিসেবেই দেখছে। সাম্প্রতিক সাফল্যের পর হারারে ও বুলাওয়েতে সমর্থকেরা আবার দলকে ঘিরে মাঠে ফিরবেন, এমন আশাও করছে দেশটির বোর্ড।

ফুটবল বিশ্বকাপের আলোয় জুন-জুলাইয়ের ক্রীড়া ক্যালেন্ডার ঢেকে থাকলেও বাংলাদেশের ক্রিকেটের জন্য সময়টা তাই একেবারেই ফাঁকা নয়। বরং জিম্বাবুয়ের মাটিতে সাত ম্যাচের সফর মিরাজ-শান্তদের জন্য হতে পারে আরেকটি কঠিন পরীক্ষা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

একমাত্র টেস্ট

২৮ জুন-২ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব

প্রথম ওয়ানডে

৬ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব

দ্বিতীয় ওয়ানডে

৯ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব

তৃতীয় ওয়ানডে

১১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব

প্রথম টি-টোয়েন্টি

১৫ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

দ্বিতীয় টি-টোয়েন্টি

১৭ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

তৃতীয় টি-টোয়েন্টি

১৯ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়