ডাচদের বিপক্ষে পাকিস্তানের কষ্টার্জিত জয়

শেষ ওভারের উত্তেজনায় জমে ওঠা ম্যাচে ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান জয় দিয়েই শুরু করেছে পাকিস্তান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে ‘মেন ইন গ্রিন’। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে শেষ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল ইতিবাচক। ওপেনিং জুটিতে সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান দ্রুত রান তোলেন। সাইম ১৩ বলে ২৪ রান করে আউট হলেও শুরুতে গতি এনে দেন ইনিংসে। এরপর অধিনায়ক সালমান আলি আগা ফারহানের সঙ্গে জুটি গড়লেও বেশিক্ষণ টিকতে পারেননি; ৮ বলে ১২ রান করে ফিরলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫৩/২।
এরপর ক্রিজে এসে ধীর শুরু করেন বাবর আজম। অন্য প্রান্তে ফারহান দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। বাবর পরে ছন্দে ফিরলেও অর্ধশতক স্পর্শের আগেই বিদায় নেন ৩১ বলে ৪৭ রান করে। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। একই ওভারে উসমান খান শূন্য রানে ফেরায় চাপে পড়ে পাকিস্তান।
মধ্য ওভারে মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের উইকেট পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা নেদারল্যান্ডসের দিকে ঝুঁকে যায়। শেষ পাঁচ ওভারে প্রয়োজনীয় রানরেট বেড়ে গেলে দায়িত্ব কাঁধে নেন ফাহিম আশরাফ। শাহীন শাহ আফ্রিদিকে সঙ্গে নিয়ে তিনি ম্যাচের গতি ঘুরিয়ে দেন টানা ছক্কায়। শেষ পর্যন্ত ১১ বলে অপরাজিত ২৯ রান করে দলের জয় নিশ্চিত করেন ফাহিম; তার ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরুতে দ্রুত রান তোলে। ওপেনার মাইকেল লেভিট আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও চতুর্থ ওভারে সালমান মির্জার শিকার হন ম্যাক্স ও’ডাউড। পঞ্চম ওভারে মোহাম্মদ নওয়াজ ফিরিয়ে দেন লেভিটকে (১৫ বলে ২৪)। এরপর বাস ডে লিডে ও কলিন অ্যাকারম্যান ইনিংস সামলালেও অষ্টম ওভারে আবরার আহমেদের ঘূর্ণিতে ভাঙে জুটি।
মধ্যভাগে স্কট এডওয়ার্ডস কিছুটা লড়াই চালালেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। সাইম আইয়ুব এক ওভারে দুই উইকেট তুলে নিলে রান তোলার গতি থমকে যায়। শেষদিকে শাহীন আফ্রিদি ও সালমান মির্জার আঘাতে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা, ৩.৫ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব দুটি করে উইকেট শিকার করেন, শাহীন আফ্রিদি পান একটি।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা পাকিস্তান একই ভেন্যুতে আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।