যে কারণে টিম লিস্টে থেকেও শেষ মুহূর্তে বাদ পড়লেন মুস্তাফিজ
-1776403344-12431_1776403362.webp)
মিরপুরে প্রথম ওয়ানডে শুরুর আগে বাংলাদেশের একাদশ ঘিরে তৈরি হয় অপ্রত্যাশিত পরিস্থিতি। শুরুতে প্রকাশিত দলের তালিকায় তাসকিন আহমেদকে বদলি হিসেবে দেখানো হয় এবং শরিফুল ইসলামকে রাখা হয় মূল একাদশে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, প্রকৃতপক্ষে তাসকিন নয় মুস্তাফিজুর রহমানই শেষ মুহূর্তে ছিটকে গেছেন।
ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় মুস্তাফিজকে একাদশ থেকে সরিয়ে নেওয়া হয় এবং তার জায়গায় সুযোগ পান শরিফুল। ফলে ম্যাচ শুরুর ঠিক আগে দল নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কেটে যায়।
এর মধ্যেই টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। গরম আবহাওয়া এবং মিরপুরের চেনা ধীর উইকেটের চেয়ে ভিন্নধর্মী পিচে শুরু হয় দুদলের লড়াই। উইকেটে কিছুটা গতি ও বাউন্স থাকার আভাস পাওয়া যাচ্ছে, যা পেসারদের সহায়তা করতে পারে। একই সঙ্গে ব্যাটিংয়ের জন্যও শট খেলার সুযোগ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মাঠের এক পাশের বাউন্ডারি তুলনামূলক ছোট হওয়ায় সেটি ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে, বিশেষ করে পাওয়ারপ্লে এবং ইনিংসের শেষ দিকে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্কি।