বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার আলোচনায় হাশিম আমলা

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার পর নতুন কোচের খোঁজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হাশিম আমলা। সাবেক এই প্রোটিয়া তারকার সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বিসিবি। তবে শুধু আমলা নন, আরও কয়েকজন অভিজ্ঞ বিদেশি কোচের সঙ্গেও যোগাযোগ করছে বোর্ড।
রোববার (২৫ অক্টোবর) দেশের সংবাদমাধ্যম জাগো নিউজ বিসিবির উচ্চপর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানায়। তার ভাষ্য অনুযায়ী, আমলার সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, হাশিম আমলার সঙ্গে বোর্ডের কথা হয়েছে এবং চলছে।’ একই সঙ্গে তিনি জানান, আরও কয়েকজন অভিজ্ঞ বিদেশি ব্যাটিং কোচের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারদের পাশাপাশি উপমহাদেশের কোচরাও রয়েছেন।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে বিসিবি। ২০২৭ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে আমলার দীর্ঘ অভিজ্ঞতা তাই বাংলাদেশের জন্য কাজে আসতে পারে।
তবে আমলাকে দীর্ঘমেয়াদে পাওয়া না গেলে বিকল্প পরিকল্পনাও রয়েছে বোর্ডের। আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে অন্তত ব্যাটিং পরামর্শক হিসেবে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।
অবশ্য এখনো আমলার সঙ্গে কোনো চুক্তি হয়নি। তিনি বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন কি না, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান আমলা আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৮ হাজার ৬৭২ রান করেছেন। ১২৪ টেস্টে তাঁর সংগ্রহ ৯ হাজার ২৮২ রান। ১৮১ ওয়ানডেতে করেছেন ৮ হাজার ১১৩ রান। ৪৪ টি-টোয়েন্টিতে করেছেন আরও ১ হাজার ২৭৭ রান
