কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রোহিত শর্মা

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলতে গিয়ে আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন রোহিত শর্মা। ৭৮ রানের ঝলমলে ইনিংসে ভেঙে দিয়েছেন বিরাট কোহলির দীর্ঘদিনের একটি রেকর্ড।
রোববারের ম্যাচে ৩৮ বলে ৭৮ রান করেন রোহিত, যেখানে ছিল ছয়টি ছক্কা ও ছয়টি চার। এই ইনিংস খেলতে গিয়েই তিনি আইপিএলে এক দলের বিপক্ষে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের করে নেন।
এখন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোহিতের মোট রান ১১৬১, যা কোহলির পাঞ্জাব কিংসের বিপক্ষে করা ১১৫৯ রানকে ছাড়িয়ে গেছে। ফলে এই তালিকায় শীর্ষে উঠে এলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অভিজ্ঞ ওপেনার।
ম্যাচে রায়ান রিকেলটনের সঙ্গে ১৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত। রিকেলটন ৪৩ বলে ৮১ রান করে ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তাদের এই জুটিতেই ২২১ রানের বড় লক্ষ্য সহজ হয়ে যায় মুম্বাইয়ের জন্য।
এই ইনিংসের মাধ্যমে আইপিএলে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন রোহিত। তিনি এখন টুর্নামেন্টের ইতিহাসে ৫০ বা তার বেশি স্কোর করা চতুর্থ ব্যাটার। তার আগে এই তালিকায় আছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান।
আইপিএলে রোহিত শর্মা অন্যতম সফল ক্রিকেটার। মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল জিতেছেন তিনি। ২০১১ সালে দলে যোগ দেওয়ার পর ২০১৩ সাল থেকেই নেতৃত্বে আসেন এবং প্রথম মৌসুমেই শিরোপা জেতান দলকে।
সব মিলিয়ে, বয়সকে যেন বুড়ো আঙুল দেখিয়ে আবারও প্রমাণ করলেন—রোহিত শর্মা এখনও বড় মঞ্চের বড় খেলোয়াড়।