দশ উইকেটের দাপুটে জয়ে নিউজিল্যান্ডের দুইয়ে দুই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ১০ উইকেটে হারিয়ে গ্রুপপর্বে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে ব্ল্যাকক্যাপসরা।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ১৫.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ভর করেই আসে এই সহজ জয়।
দুজনেই শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। দ্রুতই ৫০ রানের জুটি গড়ে তোলেন তারা। সাইফার্ট তুলে নেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি। অন্যপ্রান্তে ফিন অ্যালেনও দারুণ ছন্দে ব্যাট করে সপ্তম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি পূর্ণ করেন। মাত্র ১০ ওভারেই জুটি গড়ায় ১১৯ রান, যেখানে কোনো উইকেট তুলতে পারেনি ইউএই।
শেষ পর্যন্ত সাইফার্ট ৪২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। অ্যালেনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৮৪ রান—৫টি চার ও ৫টি ছক্কার মার।
এর আগে ব্যাট করতে নেমে ইউএই শুরুতেই ধাক্কা খায়। ওপেনার আরিয়ানশ শর্মা মাত্র ৮ রানে আউট হন। তবে অধিনায়ক ওয়াসিম ও আলিশান শরীফ দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। আলিশান করেন ৪৭ বলে ৫৫ রান। এই জুটিতে ভর করে ইউএই ১৪ ওভারে পৌঁছে যায় ১১৯ রানে।
১০৭ রানের এই জুটি ভাঙে আলিশান আউট হলে। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও ওয়াসিম ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকেন। তিনি ৪৫ বলে অপরাজিত ৬৬ রান করেন, যাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত ইউএই ২০ ওভারে তোলে ১৭৩ রান।
নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি দুটি উইকেট নেন, আর জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট শিকার করেন।