logo
Advertisement

এশিয়ান গেমসে স্বর্ণপদক চান সালাউদ্দিন, প্রস্তুতি শুরু আজ

এশিয়ান গেমসে স্বর্ণপদক চান সালাউদ্দিন, প্রস্তুতি শুরু আজ
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: বিসিবি

এশিয়ান গেমসে আবারও স্বর্ণপদক জিততে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সেই লক্ষ্য সামনে রেখে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে পুরুষ দলের প্রস্তুতি। দলের প্রধান কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের নজর দ্রুত টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নেওয়া ও প্রতিটি ম্যাচ জেতায়।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সালাউদ্দিনের অধীনে শুরু হবে অনুশীলন। শনিবার ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, জাপানের পরিবেশ ও প্রতিযোগিতার ধরন মাথায় রেখেই দলকে তৈরি করতে চান।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে সব খেলা মিলিয়ে এখন পর্যন্ত সেটিই বাংলাদেশের একমাত্র সোনা। এবার আইচি-নাগোয়ায় সেই সাফল্যের পুনরাবৃত্তি চান সালাউদ্দিন। তার কথা, ‘আমরা চাই বাংলাদেশ সোনা জিতুক।’

নকআউট প্রতিযোগিতায় একটি খারাপ দিনেই স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। তাই শুরু থেকেই সতর্ক থাকতে চান বাংলাদেশ কোচ। সহযোগী দেশগুলো নিয়মিত টি-টোয়েন্টি খেলে বলে এই সংস্করণে তাদের প্রস্তুতিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘কাউকে হালকাভাবে নেওয়া যাবে না। প্রতিটি ম্যাচ গুরুত্ব দিয়ে খেলতে হবে।’

জাপানে আবাসন নিয়ে আলোচনাতেও বিচলিত নন সালাউদ্দিন। অন্য খেলাগুলোর অ্যাথলেটরা যে সুবিধা পাবেন, ক্রিকেটারদের জন্যও সেটিই যথেষ্ট বলে মনে করেন তিনি। উইকেট যেমনই হোক, সে অনুযায়ী খেলার প্রস্তুতি চান। সামনে ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক অবস্থার দিকেও বিশেষ নজর রাখবেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসও আজ থেকে এশিয়ান গেমসের দলের ক্রিকেটীয় অনুশীলন শুরুর কথা জানিয়েছেন। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রস্তুতিও চলছে। গেমসের দলে না থাকা ক্রিকেটারদের নিয়ে শনিবার থেকেই শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প।

শাহরিয়ারের ভাষ্য, সংযুক্ত আরব আমিরাতে রওনা হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্প চলবে। দুটি দল আলাদা সফরে চলে গেলে বাকি ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট লিগে যোগ দেবেন। সংস্করণ বদলের সময় ক্রিকেটারদের প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ রাখার পরিকল্পনাও রয়েছে বোর্ডের।