logo

ছাড়পত্র না পাওয়ায় ডব্লিউসিএল থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান

ছাড়পত্র না পাওয়ায় ডব্লিউসিএল থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান
পাকিস্তান চ্যাম্পিয়ন দল। পুরোনো ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ছাড়পত্র না পাওয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসর থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও বোর্ড আগের অবস্থানেই অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না শহীদ আফ্রিদিদের।

পাকিস্তান চ্যাম্পিয়নসের মালিক কামিল খান পিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও খেলোয়াড়দের প্রয়োজনীয় অনাপত্তিপত্র দেয়নি বোর্ড। পরে এক বিবৃতিতে নিজেদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিশ্চিত করে দলটি।

বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস বলেছে, ‘প্রয়োজনীয় অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত পিসিবি বহাল রাখায় ডব্লিউসিএলে অংশ নিতে পারছি না; এটি নিশ্চিত করতে আমরা দুঃখিত।’

পিসিবির সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও হতাশার কথাও বলেছে দলটি। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পিসিবির কর্তৃত্ব ও সিদ্ধান্তকে সম্মান করি। তবে আমাদের খেলোয়াড়রা ক্রিকেটের কিংবদন্তিদের এই বৈশ্বিক আয়োজনে পাকিস্তান চ্যাম্পিয়নসকে প্রতিনিধিত্ব করতে পারছেন না; এতে স্বাভাবিকভাবেই আমরা হতাশ।’

এই বিরোধের সূত্র গত বছরের ডব্লিউসিএল। রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারত চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। দুই দলের সেমিফাইনালও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।

এরপর টুর্নামেন্ট কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করে পিসিবি। আয়োজকদের বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ড’, রাজনৈতিক প্রভাব এবং ক্রিকেটের চেতনার চেয়ে বাণিজ্যিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার অভিযোগ তোলে তারা। পরে ভবিষ্যতে এই প্রতিযোগিতায় পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয় বোর্ড।

সেই সিদ্ধান্ত বহাল থাকায় এবারের আসরে অধিনায়ক শহীদ আফ্রিদিসহ পাকিস্তান চ্যাম্পিয়নসের খেলোয়াড়েরা অংশ নিতে পারেননি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও ছিল না পাকিস্তান দল।

ডব্লিউসিএলের আগের দুই আসরেই ফাইনালে উঠেছিল পাকিস্তান চ্যাম্পিয়নস। ২০২৪ সালের প্রথম আসরে ভারতের কাছে ৫ উইকেটে হারে তারা। গত বছর দক্ষিণ আফ্রিকার কাছে ৪২ রানে হেরে আবারও রানার্সআপ হয় পাকিস্তান।