logo

ম্যাচসেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন জাদেজা

ম্যাচসেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন জাদেজা

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা, আর সেই পুরস্কারই উৎসর্গ করলেন নিজের স্ত্রী ও গুজরাটের শিক্ষামন্ত্রী রিভাবা জাদেজাকে।

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করেন রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার। কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন তিনি, যখন একসময় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল দল।

শেষদিকে শুভম দুবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন জাদেজা।

বল হাতেও অবদান রাখেন তিনি। লখনউয়ের ইনিংসে মিচেল মার্শ ও নিকোলাস পুরানের জুটি ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, পুরানকে ফেরান ২২ রানে।

ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে জাদেজা বলেন, এই সম্মান তিনি উৎসর্গ করতে চান গুজরাটের শিক্ষামন্ত্রীকে ঘটনাক্রমে যিনি আমার স্ত্রী। ম্যাচের আগেই রিভাবা তাকে বলেছিলেন, এই ম্যাচে তিনি ভালো করবেন।

জাদেজা জানান, উইকেটে ব্যাট করা সহজ ছিল না, বল সুইং ও সিম করছিল। তাই যতক্ষণ সম্ভব উইকেটে থাকার পরিকল্পনাই ছিল তার।

১৫৯ রানের লক্ষ্য রক্ষা করতে নেমে রাজস্থানের বোলাররাও দারুণ পারফরম্যান্স দেখায়। শুরু থেকেই চাপে রাখে লখনউকে এবং শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৯ রানে অলআউট করে দেয়।

এই জয়ে টানা দুই হারের পর আবার জয়ের ধারায় ফিরেছে রাজস্থান রয়্যালস এবং পয়েন্ট তালিকায় উঠে এসেছে দ্বিতীয় স্থানে।