বাংলাদেশে টেস্ট ক্রিকেটার তৈরি হওয়াই উচিত না: মুমিনুল হক

দীর্ঘদিন ধরেই টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুমিনুল হক। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে আগেও আক্ষেপ করেছিলেন তিনি। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে নেমে একই প্রসঙ্গে আবারও খোলামেলা মন্তব্য করলেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার।
চলতি বিসিএলে ইস্ট জোনের হয়ে প্রথম ম্যাচেই ৮২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন মুমিনুল। তবে নর্থ জোনের ৩৩৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইস্ট জোন থেমে যায় ২৮১ রানে। বড় ইনিংস গড়তে না পারার আক্ষেপও রয়েছে তার কণ্ঠে।
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে মুমিনুল বলেন, ‘আপনি সারাদিন লাল বলের জন্য প্রস্তুতি নেন। কিন্তু সামনে যদি দেখেন সাদমান বা মুমিনুল—যারা শুধু লাল বল খেলে, তাও পাঁচ মাস পর পর—আর সাদা বলে কোনো টুর্নামেন্টে বা বিপিএলে খেলার সুযোগ পায় না, তাহলে নতুনদের টেস্ট খেলার স্বপ্নটাই কমে যাবে।’
তার মতে, বর্তমান কাঠামোতে লাল বলের ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত ম্যাচ বা বহুমাত্রিক সুযোগ না থাকলে সেটি তরুণদের কাছে ভুল বার্তা দেবে।
স্পষ্ট ভাষায় তিনি যোগ করেন, ‘আমি তো বলব, এভাবে চলতে থাকলে বাংলাদেশে টেস্ট প্লেয়ার তৈরি হওয়াই উচিত না। কারণ সাদা বলে আপনি কোনো গেম খেলতে পারছেন না—এটা ভালো উদাহরণ না।’
বগুড়ার উইকেট বরাবরই ব্যাটসম্যানবান্ধব হিসেবে পরিচিত। এবারের ম্যাচেও দুই দল মিলিয়ে হয়েছে ছয় শতাধিক রান। নিজের ইনিংস নিয়ে আত্মসমালোচনাও করেছেন মুমিনুল।
‘বগুড়ার উইকেট সবসময় হাই-স্কোরিং। আমার ৮৩ রান যথেষ্ট ছিল না। অন্তত ৫০ ওভার ব্যাটিং করতে পারলে ম্যাচটা আরও কাছাকাছি যেত। আমি যেভাবে আউট হয়েছি, সিদ্ধান্তটা ভালো ছিল না।’
সব মিলিয়ে, মুমিনুলের বক্তব্যে ফুটে উঠেছে দেশের ক্রিকেট কাঠামো নিয়ে তার গভীর উদ্বেগ। লাল বলের ক্রিকেট টিকিয়ে রাখতে হলে পরিকল্পিত সূচি, নিয়মিত ম্যাচ এবং সমান গুরুত্ব—এই বার্তাই যেন তুলে ধরলেন তিনি।


