সুপার লিগ ছাড়াই যেভাবে নির্ধারিত হবে ডিপিএল চ্যাম্পিয়ন

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে থাকছে না সুপার লিগ। তাই চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অবনমন কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল, সেটির ব্যাখ্যা দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সিসিডিএম জানিয়েছে, রাউন্ড রবিন লিগের ১১ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। একইভাবে দ্বিতীয় স্থানে থাকা দল পাবে রানার্সআপের স্বীকৃতি। অর্থাৎ এবার আলাদা সুপার লিগ না থাকায় লিগ পর্বের পয়েন্ট টেবিলই হবে শিরোপা নির্ধারণের একমাত্র ভিত্তি।
শুধু সুপার লিগ নয়, এবার থাকছে না আলাদা রেলিগেশন লিগও। ১২ দলের আসরে রাউন্ড রবিন পর্ব শেষে পয়েন্ট টেবিলের শেষ দুই দল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নেমে যাবে।
এবারের ডিপিএল শেষ হবে মোট ৬৬ ম্যাচে। প্রতিটি দল খেলবে ১১টি করে ম্যাচ। নির্ধারিত সূচি অনুযায়ী লিগ শুরু হওয়ার কথা ৪ মে, শেষ হবে ১১ জুন। কোনো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত না হয়, সে জন্য প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ আয়োজনের পথ খুলেছে। তবে হুট করে আয়োজন হওয়ায় ক্রিকেটারদের পারিশ্রমিক আগের তুলনায় কমেছে বলে জানা গেছে। এরপরও ক্রিকেটারদের সুরক্ষা ও ম্যাচ আয়োজনের মান নিয়ে সতর্ক অবস্থানে আছে বিসিবি।
বোর্ডের লক্ষ্য, এবারের প্রিমিয়ার লিগকে যতটা সম্ভব আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনায় আয়োজন করা। গরমের মধ্যে ক্রিকেটারদের যেন অতিরিক্ত ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকেও নজর রাখবে বিসিবি ও সিসিডিএম।