অস্ট্রেলিয়া সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মিরাজ

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজের রোমাঞ্চ ও পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগামীকাল (মঙ্গলবার) হোম অব ক্রিকেট মিরপুরে শুরু হতে যাওয়া এই দ্বিপক্ষীয় সিরিজটিকে দলের জন্য একই সঙ্গে বড় চ্যালেঞ্জ ও দারুণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।
আজ (০৮ জুন) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ জানান, শক্তিশালী অজিদের বিপক্ষে একটি ভালো শুরুর লক্ষ্য নিয়ে দলের সবাই রোমাঞ্চিত এবং অধিনায়ক হিসেবে তিনিও এই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত।
এই সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই ট্রাভিস হেড এবং ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মিচেল মার্শও। তবে প্রতিপক্ষের এই বড় দুই নামের অনুপস্থিতি নিয়ে একদমই মাথা ঘামাতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। তার মতে, অস্ট্রেলিয়া যে দল নিয়েই আসুক না কেন, তারা সবসময়ই বিশ্বমানের। মিরাজ বলেন, ‘ওরা যে দল নিয়ে এসেছে, অবশ্যই সেটি ভালো ও শক্তিশালী দল। আমরা প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে, নিজেদের শক্তির জায়গায় ফোকাস করব এবং মাঠে সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।’
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়েও এদিন পরিষ্কার বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মিরপুর মানেই চেনা ঘূর্ণি বা মন্থর উইকেট এমন প্রথাগত ধারণা এবার ভাঙতে চান তিনি। একটি স্পোর্টিং বা ‘ভালো’ উইকেটে খেলে ম্যাচ জিতেই দলের আত্মবিশ্বাস বাড়াতে চান এই অলরাউন্ডার। উইকেট প্রসঙ্গে মিরাজ বলেন, ‘মিরপুর মানেই শুধু ঘূর্ণি উইকেট, বিষয়টি তেমন না। আমরা মিরপুরে ভালো উইকেটও বানাতে পারি। তেমন উইকেটে যদি ব্যাটাররা রান পায় এবং বোলাররা ভালো বোলিং করে ম্যাচ জেতা যায়, তবে সেটি আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’
সামনে বৈশ্বিক আসরের সমীকরণ থাকায়, বিগত কয়েকটি সিরিজের জয়ের ছন্দ ধরে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাফল্যের ধারা বজায় রাখতে আশাবাদী বাংলাদেশ দল।


