কলম্বোয় ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে পাকিস্তান সরকার জানায়, দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে মাঠে নামবে না। সেই প্রেক্ষাপটে বিষয়টি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
রোববার লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পিসিবির কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে হওয়া ওই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলামও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিসির একাধিক কর্মকর্তাও ত্রিপক্ষীয় এই বৈঠকে অংশ নেন।
বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে গিয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই এ বিষয়ে তার অনুমোদন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরে এক বিবৃতিতে আমিনুল ইসলাম বলেন, ‘এই সময়ে বাংলাদেশকে সহায়তা করতে পাকিস্তান যে আন্তরিকতা দেখিয়েছে, তাতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক—এই প্রত্যাশা রাখি।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানে সংক্ষিপ্ত সফর এবং সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে ক্রিকেটের সামগ্রিক স্বার্থে আমি পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলার অনুরোধ জানাচ্ছি।’
বাংলাদেশ দল নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই শুরু হয় পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা, যা নিয়ে বর্তমানে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে।