সাকিবের দলে এবার শেখ মেহেদী, খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যোগ হলেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আসন্ন তৃতীয় আসরের জন্য তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। একই দলে আগেই নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেদীকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে পোখারা। বাংলাদেশি এই অলরাউন্ডারকে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় মেহেদীকে স্বাগত জানিয়ে পোখারা উল্লেখ করেছে, বাংলাদেশের এই অলরাউন্ডার আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছেন। এনপিএলের তৃতীয় আসরে তাঁর পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৩১ বছর বয়সী মেহেদী বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। বল হাতে নিয়েছেন সমানসংখ্যক উইকেট। অফ স্পিনের পাশাপাশি নিচের দিকে কার্যকর ব্যাটিংয়ের সামর্থ্যও রয়েছে তাঁর।
পোখারায় মেহেদীর সঙ্গী হচ্ছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। সাকিবের পাশাপাশি দলটিতে নাম লিখিয়েছেন ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা স্পিনার মোহাম্মদ রুবেল। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও দলে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার ফিটনেস পরীক্ষার বিষয়টি সামনে আসায় চুক্তি চূড়ান্ত হওয়ার অবস্থা এখনো স্পষ্ট নয়।
মেহেদীকে দলে নেওয়ার ঘোষণা দিলেও তার নেপালে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র প্রয়োজন। মঙ্গলবার পর্যন্ত সেই অনুমতির অপেক্ষায় ছিলেন তিনি বলে জানিয়েছিল দেশের একটি ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির ঘোষণা দিলেও মেহেদী অনাপত্তিপত্র পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এবারের এনপিএলে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের খেলার কথা রয়েছে। জিসান আলমকে দলে নিয়েছে বিরাটনগর কিংস। কর্নালি ইয়াকসের হয়ে খেলার কথা রয়েছে আকবর আলী ও আরিফুল ইসলামের। এ ছাড়া লুম্বিনি লায়ন্সের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে শামীম হোসেন পাটোয়ারীরও। তবে তার অংশগ্রহণও বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর নির্ভর করছে।
আগামী ২৬ অক্টোবর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে।

-7dd663.webp)
