logo

আইসিসির টেবিলে আজ কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

আইসিসির টেবিলে আজ কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই, অথচ বাংলাদেশের অংশগ্রহণ এখনও ঝুলে আছে অনিশ্চয়তার দোলাচলে। এই অবস্থায় বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ সভার দিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

এই জটিলতার সূত্রপাত মূলত আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করার পর হঠাৎ বাদ দেওয়ার ঘটনায়। কলকাতা নাইট রাইডার্স স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিলেও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটকেই কারণ হিসেবে দেখা হচ্ছে। এর পরপরই পরিস্থিতি আরও ঘোলাটে হয়, যখন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, নিরাপত্তাজনিত ভারতীয় ভেন্যুতে জাতীয় দল পাঠানো সম্ভব নয়।

এই অবস্থান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে লিখিতভাবে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার অনুরোধ করে। ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকও হয়। তবে বৈঠক শেষে বিসিবি জানিয়ে দেয়, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়। আইসিসিও তখন জানায়, দ্রুতই তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

এদিকে সভার দিন পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পিসিবি। ফলে আজকের সভায় বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ আর নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কারণ, বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য দেশ। তাদের অংশগ্রহণ ছাড়া বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে হলে বোর্ড সভার আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। পাশাপাশি বিসিবির প্রস্তাবিত গ্রুপ বদল বা বিকল্প ভেন্যুর বিষয়টি বাস্তবায়ন করতে হলে অন্যান্য অংশগ্রহণকারী দেশের মতামতও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আরও একটি বাস্তবতা আলোচনায় রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতে অবস্থানরত সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের উপস্থিতিকেও নিরাপত্তা ঝুঁকির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সবকিছু মিলিয়েই আজকের সভা বাংলাদেশের জন্য অত্যন্ত সংবেদনশীল।

সব মিলিয়ে, আজকের আইসিসি সভা শুধু একটি প্রশাসনিক বৈঠক নয় এটাই ঠিক করে দিতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা। এখন সবার চোখ একটাই প্রশ্নে—শেষ পর্যন্ত কোন পথে হাঁটে আইসিসি।