Advertisement

হান্ড্রেডে প্রথমবার ৫ উইকেট নিয়ে রশিদের ইতিহাস

এশিয়া পোস্ট স্পোর্টস
হান্ড্রেডে প্রথমবার ৫ উইকেট নিয়ে রশিদের ইতিহাস
রশিদের ৫ উইকেট বড় জয় এনে দেয় লন্ডনকে। ছবি: ইসিবি

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অসংখ্য ব্যাটারকে ঘূর্ণিজালে আটকে দিয়েছেন রশিদ খান। তবে ইংল্যান্ডের হান্ড্রেডে পাঁচ উইকেটের স্বাদ আগে কখনো পাননি আফগানিস্তানের এই তারকা। ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে সেই অপূর্ণতাও ঘুচিয়ে দিলেন তিনি।

Advertisement

২০ বলে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রশিদ। এটি হান্ড্রেডে তার প্রথম এবং চলতি আসরেরও প্রথম পাঁচ উইকেট। রশিদের বিধ্বংসী বোলিংয়ে ম্যানচেস্টারকে ৪৫ রানে হারিয়েছে এমআই লন্ডন।

লন্ডনের দ্য ওভালে আগে ব্যাট করে ১০০ বলে ৬ উইকেটে ১৮৩ রান করে এমআই। চলতি আসরে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ। বড় পুঁজি গড়ার ভিত তৈরি করেন উইল জ্যাকস ও নিকোলাস পুরান।

জ্যাকস ৩১ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে একের পর এক বাউন্ডারি। পুরানও পিছিয়ে ছিলেন না। ২৮ বলে ৫৪ রান করেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। শেষদিকে ১১ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলেন স্যাম কারান।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল ম্যানচেস্টার। প্রথম ৩০ বলেই উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান। ২৬ বলে ফিফটি তুলে নিয়ে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম।

এরপরই শুরু হয় রশিদের ঘূর্ণিজাদু। টিম সাইফার্টকে বোল্ড করে প্রথম আঘাত হানেন তিনি। পরে জস বাটলারকে ফিরিয়ে ম্যানচেস্টারের ওপর চাপ বাড়ান। হাইনরিখ ক্লাসেন, টম মুরস ও লিয়াম ডসনও রশিদের শিকার হন।

মাত্র ৩৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ম্যানচেস্টার। রশিদের সামনে তাদের মিডল অর্ডারের কোনো ব্যাটারই স্বস্তিতে খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৯৫ বলে ১৩৮ রানে অলআউট হয় দলটি।

ম্যানচেস্টারের হয়ে মার্করামের ৫০ রানের বাইরে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি কেউ। লিউস দু প্লুই ১৭ বলে করেন ২২ রান। রশিদের পাঁচ উইকেটের পর বাকি কাজ শেষ করেন এমআইয়ের পেসাররা। টম কারান দুটি এবং ট্রেন্ট বোল্ট ও রিচার্ড গ্লিসন একটি করে উইকেট নেন।

হান্ড্রেডে নিজের সেরা বোলিংয়ের দিনে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন রশিদ। তার ঐতিহাসিক পাঁচ উইকেটে বড় জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেও উঠে এসেছে এমআই লন্ডন।