logo
Advertisement

বাংলাদেশকে গুঁড়িয়ে বুমরাহর সিংহাসনে স্টার্ক

এশিয়া পোস্ট স্পোর্টস
বাংলাদেশকে গুঁড়িয়ে বুমরাহর সিংহাসনে স্টার্ক
মিচেল স্টার্ক। ছবি: গেটি ইমেজ

বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে আগুন ঝরানো বোলিংয়ের পুরস্কার পেলেন মিচেল স্টার্ক। ভারতের জাসপ্রীত বুমরাহকে সরিয়ে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।

Advertisement

ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন স্টার্ক। প্রথম ইনিংসে মাত্র ১২ রান দিয়ে নেন ৬ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৬৪ রানে। দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়ে টাইগারদের ৯৫ রানে থামিয়ে দেন তিনি।

অস্ট্রেলিয়া ম্যাচটি জেতে ইনিংস ও ৫১ রানে। দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ১২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার ওঠে স্টার্কের হাতে। সেই পারফরম্যান্সেই র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে পেছনে ফেলেছেন ৩৬ বছর বয়সী পেসার।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন বুমরাহ। গত দুই বছরের বেশির ভাগ সময়ই এক নম্বর অবস্থান ধরে রেখেছিলেন ভারতের এই পেসার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে না খেলা এবং বাংলাদেশের বিপক্ষে স্টার্কের দুর্দান্ত পারফরম্যান্সে এবার সিংহাসন হারালেন তিনি।

১৫ বছরের টেস্ট ক্যারিয়ারের বড় একটি সময় র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন স্টার্ক। গত বছরের শেষ দিকে অ্যাশেজে দুর্দান্ত বোলিং করে প্রথমবার সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন। এবার বাংলাদেশের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়ে পৌঁছে গেলেন এক নম্বরে।

স্টার্কের উত্থানে দ্বিতীয় স্থানে নেমেছেন বুমরাহ। ম্যাট হেনরির অবস্থান এখন তৃতীয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাকে টেস্টে ছয় উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। দুই ধাপ এগিয়ে দশ নম্বরে এসেছেন নাথান লায়ন।

ইংল্যান্ডের অলি রবিনসন ও জশ টাংও বড় লাফ দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টে দুজন মিলে ১৬ উইকেট নেওয়ার পর রবিনসন ১৫ ধাপ এগিয়ে একাদশ এবং টাং ১৬ ধাপ এগিয়ে সতেরোতম স্থানে উঠেছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারটি অবস্থানে পরিবর্তন আসেনি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুটের পর আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দ্রুতগতির ফিফটি করা ঋষভ পন্ত ছয় ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশকে গুঁড়িয়ে বুমরাহর সিংহাসনে স্টার্ক