logo

লো স্কোরিং ম্যাচে ওমানকে হারিয়ে জিম্বাবুয়ের সহজ জয়

লো স্কোরিং ম্যাচে ওমানকে হারিয়ে জিম্বাবুয়ের সহজ জয়

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করেছে জিম্বাবুয়ে। সোমবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে লো স্কোরিং ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে, হারায় মাত্র দুই উইকেট। ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি শুরুতেই দ্রুত রান তুলে চাপমুক্ত রাখেন দলকে।

চতুর্থ ওভারে সুফিয়ান মাহমুদের বলে ১১ বলে ২১ রান করে মারুমানি আউট হলে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি। এরপরই ডিওন মায়ার্স শূন্য রানে ফেরায় জিম্বাবুয়ে কিছুটা চাপে পড়লেও বেনেটকে সঙ্গ দেন ব্রেন্ডন টেইলর। দুজন মিলে সপ্তম ওভারেই দলকে পঞ্চাশের ঘরে পৌঁছে দেন।

টেইলর ৩০ বলে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হলে ক্রিজে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। শেষদিকে একটি বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রাজা। তিনি অপরাজিত থাকেন ২ বলে ৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৪৮ রান করেন ব্রায়ান বেনেট, ইনিংসে ছিল সাতটি চার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ওমান। দ্বিতীয় ওভারেই অধিনায়ক জতিন্দর সিংকে ফিরিয়ে দেন ব্লেসিং মুজারাবানি। পরের ওভারেই রিচার্ড নগারাভার শিকারে পরিণত হন হাম্মাদ মির্জা। অল্প সময়ের মধ্যেই ক্যালিমুল্লাহ, করণ সোনাওয়ালে ও ওয়াসিম আলিদের উইকেট হারিয়ে ৬ ওভারে ২৭ রানে ৫ উইকেট হারায় ওমান।

এরপর সুফিয়ান মাহমুদ ও বিনায়ক শুক্লা কিছুটা প্রতিরোধ গড়ে ৪২ রানের জুটি গড়েন। শুক্লা ২১ বলে ২৮ রান করে আউট হলে আবার ধস নামে। শেষদিকে নাদিম খান ১৮ বলে ২০ ও শাহ ফয়সালের একটি বাউন্ডারিতে কোনোভাবে ১০০ পেরোয় ওমানের স্কোর। নির্ধারিত ওভারের আগেই ১০৪ রানে অলআউট হয় দলটি।

জিম্বাবুয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও রিচার্ড নগারাভা—তিনজনই নেন তিনটি করে উইকেট। এছাড়া সিকান্দার রাজা একটি উইকেট শিকার করেন।