Advertisement

অবসরের পরও বিসিসিআই থেকে পেনশন পাবেন রাহানে

এশিয়া পোস্ট স্পোর্টস
অবসরের পরও বিসিসিআই থেকে পেনশন পাবেন রাহানে
অজিঙ্কা রাহানে। ছবি: বিসিসিআই

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের মাসিক পেনশন পাবেন সাবেক ভারতীয় তারকা আজিঙ্কা রাহানে। বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন শ্রেণিতে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক প্রতি মাসে পাবেন ৭০ হাজার রুপি।

সে হিসাবে রাহানের মাসিক পেনশনের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ হাজার ৬০০ টাকা। বছরে তিনি পাবেন প্রায় ১০ লাখ ৮৭ হাজার টাকা।

গত ৩০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রাহানে। ভারতের হয়ে ৮৫ টেস্ট, ৯০ ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুবাদে বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন শ্রেণিতে জায়গা হয়েছে তার।

২০২২ সালে সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশনের পরিমাণ বাড়িয়েছিল বিসিসিআই। রাহানের সমান অভিজ্ঞতার ক্রিকেটাররা আগে মাসে ৫০ হাজার রুপি পেতেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার ৭০০ টাকা। সৌরভ গাঙ্গুলির সভাপতিত্বের সময় সেটি বাড়িয়ে ৭০ হাজার রুপি করা হয়।

ভারতের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রাহানের সবচেয়ে স্মরণীয় অর্জন ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়। বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতকে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

অবসরের পর নিজের পরবর্তী পরিকল্পনা এখনো চূড়ান্ত করেননি রাহানে। তবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

বিসিসিআইয়ের অধীনে বেতনভুক্ত কোচ কিংবা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলে রাহানের পেনশন সাময়িকভাবে বন্ধ থাকবে। সেই দায়িত্ব শেষ হলে আবার পেনশন পাওয়ার সুযোগ থাকবে তার।