Advertisement

দিনুশার প্রথম সেঞ্চুরির পরও গল টেস্টে এগিয়ে ভারত

এশিয়া পোস্ট স্পোর্টস
দিনুশার প্রথম সেঞ্চুরির পরও গল টেস্টে এগিয়ে ভারত
ভারত ক্রিকেট দল। ছবি: বিসিসিআই

সোনাল দিনুশার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। তবে গল টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখনো ভারতের হাতেই। স্বাগতিকদের প্রথম ইনিংস ২৮৪ রানে গুটিয়ে দিয়ে ১৭৮ রানের বড় লিড পেয়েছে ভারত।

Advertisement

দিনুশা ১০০ রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের শিকার হন। নিরোশান ডিকভেলার সঙ্গে ষষ্ঠ উইকেটে তার ১৪৬ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় বিপর্যয় থেকে টেনে তোলে। একপর্যায়ে ৯০ রানেই ৫ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।

এর আগে ৯ উইকেটে ৪৬০ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত আর মাত্র ২ রান যোগ করতে পারে। প্রসিধ কৃষ্ণকে ফিরিয়ে ভারতের ইনিংস ৪৬২ রানে শেষ করেন আসিথা ফার্নান্দো।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন নিশান ফার্নান্দো। এরপর আক্রমণে এসেই প্রথম বলে দিনেশ চান্দিমালকে ফিরিয়ে দেন মানব সুতার।

লাহিরু উদারা কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। সুতারের বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন তিনি। এরপর শুভমান গিলের দুর্দান্ত একহাতি ক্যাচে কামিন্দু মেন্ডিসও ফিরে গেলে শ্রীলঙ্কার বিপর্যয় আরও বাড়ে।

দিনুশা ও ধনাঞ্জয়া ডি সিলভা কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৩৯ রান। তবে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধনাঞ্জয়া। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৯০।

সেখান থেকেই ম্যাচের চিত্র কিছুটা বদলে দেন দিনুশা ও ডিকভেলা। দুজনই ভারতীয় স্পিনারদের বিপক্ষে ধৈর্য ধরে ব্যাট করেন। সুযোগ পেলে আক্রমণও করেছেন। ডিকভেলা দ্রুত ফিফটি তুলে নেন, পরে দিনুশাও পৌঁছে যান অর্ধশতকে।

দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে শতরানের জুটিও পূর্ণ করেন দুজন। তবে তৃতীয় সেশনে প্রসিধ কৃষ্ণের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮০ রানে বিদায় নেন ডিকভেলা।

এরপর কেশারা নুয়ান্থাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৫০তম উইকেট পূর্ণ করেন জাদেজা। এই মাইলফলক ছোঁয়া পঞ্চম ভারতীয় বোলার হলেন তিনি।

এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন দিনুশা। প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গে তার জুটিতে ফলোঅনও এড়িয়ে যায় শ্রীলঙ্কা। তবে সেঞ্চুরির পর দ্রুতই বাকি উইকেটগুলো তুলে নেয় ভারত।

মানব সুতার ৭৬ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার। জাদেজা ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর গলে আলো কমে আসে। পরে মাঠকর্মীরা কভার নিয়ে মাঠে ঢুকলে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৪৬২ (দেবদত্ত পদিক্কাল ১৬৭, লোকেশ রাহুল ৮২; প্রবাথ জয়াসুরিয়া ৪/১০৯, কেশারা নুয়ান্থা ৩/১৭৫)। শ্রীলঙ্কা ২৮৪ (সোনাল দিনুশা ১০০, নিরোশান ডিকভেলা ৮০; মানব সুতার ৪/৭৬, রবীন্দ্র জাদেজা ৩/৫৭)। ভারত এগিয়ে ১৭৮ রানে।

দিনুশার প্রথম সেঞ্চুরির পরও গল টেস্টে এগিয়ে ভারত