‘পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত’

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকেও একই পথে হাঁটার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
ভারতের মাটিতে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ইতোমধ্যেই স্পষ্ট। বল এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোর্টে। তবে সংস্থাটি আগের সিদ্ধান্তে অনড় থাকলে বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখা হতে পারে। আইসিসির সাম্প্রতিক বোর্ড সভায় বাংলাদেশের ভারতে খেলা নিয়ে ভোটাভুটিতে বিসিবির পক্ষে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমর্থন দেয়।
আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি জানিয়ে দেয় শুধু ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো হলে তবেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিসিবিকে প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরে বিসিবি যে অবস্থান নিয়েছে, তা বিশ্ব ক্রিকেটে একটি শক্ত বার্তা। তার মতে, সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশ আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। এবার দেখার বিষয়, পাকিস্তান কি একই ধরনের দৃঢ়তা দেখাতে প্রস্তুত কিনা।
এছাড়া ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শো-তেও বিষয়টি নিয়ে সরব হন লতিফ। সেখানে তিনি বলেন, পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টুর্নামেন্ট বয়কট করে, তাহলে বিশ্বকাপ বড় ধরনের সংকটে পড়বে। তার ভাষায়, “বাংলাদেশ যখন কোনো সিদ্ধান্ত নেয়, তারা সেটায় অটল থাকে। তারা দেখিয়ে দিয়েছে যে, তাদের দৃষ্টিতে ভারত নিরাপদ ভেন্যু নয়।”
লতিফ আরও মনে করেন, বর্তমান বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এটিই উপযুক্ত সময়। তার মতে, পাকিস্তানের হাতে এখন ‘ট্রাম্প কার্ড’ রয়েছে। পাকিস্তান অংশ না নিলে বিশ্বকাপ আয়োজনই ঝুঁকির মুখে পড়তে পারে।
সম্ভাব্য আর্থিক ক্ষতি ও ভবিষ্যৎ নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেন, বড় সিদ্ধান্ত নিতে গেলে এসব ঝুঁকি বিবেচনায় নিতেই হয়। আইসিসি ইভেন্টে না খেললে জরিমানা বা অন্যান্য শাস্তির সম্ভাবনা থাকলেও, নীতিগত অবস্থান নেওয়াই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
রশিদ লতিফের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের বাণিজ্যিক আয়ে বড় ধাক্কা লাগবে। সে কারণেই তার মতে, পাকিস্তানের উচিত এখনই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে একটি শক্ত বার্তা দেওয়া।
এই আহ্বানের ফলে বিশ্বকাপ ঘিরে নতুন করে কূটনৈতিক ও ক্রীড়া জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, পিসিবি এই আহ্বানে কীভাবে সাড়া দেয় এবং আইসিসি পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেয়।