logo

বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্বে আসিফ আকবর

বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্বে আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে এসেছে নতুন পরিবর্তন। পরিচালনা পর্ষদের সাম্প্রতিক বৈঠকে গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইন বৈঠকে পরিচালকদের সম্মতিক্রমেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিসিবির একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশের একটি গণমাধ্যম।

এর আগে গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ছিলেন ইশতিয়াক সাদেক। তবে পরিচালক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর তার স্থলাভিষিক্ত হিসেবে আসিফকে দায়িত্ব দেওয়া হয়। ইশতিয়াক সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় ইশতিয়াক জানিয়েছিলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে তিনি গেম ডেভেলপমেন্টের কাজ যথাযথভাবে পরিচালনা করতে পারছিলেন না। যদিও তার পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে ছিলেন আসিফ আকবর। এবার তার ওপর অর্পিত হলো গেম ডেভেলপমেন্ট বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বও।

ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই বিসিবির এই প্রশাসনিক পরিবর্তন ভবিষ্যৎ পরিকল্পনায় কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।