Advertisement

অধিনায়কত্ব নয়, বাংলাদেশ টেস্টে জয়ে অবদান রাখতে চান হেড

এশিয়া পোস্ট স্পোর্টস
অধিনায়কত্ব নয়, বাংলাদেশ টেস্টে জয়ে অবদান রাখতে চান হেড
ট্রাভিস হেড। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ টেস্ট অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছে ট্রাভিস হেডের নাম। তবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ সামনে রেখে অধিনায়কত্ব নিয়ে ভাবতে চান না এই ব্যাটার। তার মনোযোগ এখন দলের জয়ে যতটা সম্ভব অবদান রাখায়।

Advertisement

বর্তমানে প্যাট কামিন্সের সহকারী হিসেবে স্টিভ স্মিথের সঙ্গে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন হেড। এর আগে টি-টোয়েন্টিতেও দেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে স্থায়ী অধিনায়ক হওয়ার কোনো তাড়া নেই বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানকে হেড বলেন, ‘দলে অবদান রাখতে নামের পাশে অধিনায়ক লেখা থাকা কিংবা টস করতে নামার প্রয়োজন নেই। কামিন্স ও স্মিথ খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে। দলকে সহায়তা করার সুযোগ পেলেই আমি খুশি।’

ভবিষ্যতে অধিনায়কত্বের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও আপাতত সেই পদ নিয়ে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই হেডের। তিনি বলেন, ‘আমি শুধু অবদান রাখতে চাই। যতটা সম্ভব টেস্ট জেতাতে এবং ধারাবাহিক হতে চাই। নেতৃত্বের জায়গা থেকেও দলকে কিছু দিতে চাই। সামনে বিষয়টি কোথায় যায়, দেখা যাবে।’

বাংলাদেশ সিরিজের আগে দারুণ স্বীকৃতিও পেয়েছেন হেড। অ্যালেক্স ক্যারিকে মাত্র এক ভোটে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার পদক জিতেছেন তিনি। রিকি পন্টিং, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক ও ডেভিড ওয়ার্নারের পর টানা দুই বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়া পঞ্চম খেলোয়াড় হেড।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

অধিনায়কত্ব নয়, বাংলাদেশ টেস্টে জয়ে অবদান রাখতে চান হেড