বিসিবি পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন ফায়াজুর রহমান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফায়াজুর রহমান মিতু। শনিবার বোর্ড সভা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
নিজের সিদ্ধান্তের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়কেই সামনে এনেছেন ফায়াজুর। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফায়াজুর মিতু বোর্ডের পাশাপাশি সিসিডিএমের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। শনিবারের বোর্ড সভায়ও তিনি উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পরপরই নিজের পদত্যাগপত্র জমা দেন।
সাম্প্রতিক সময়ে বিসিবিতে একাধিক পদত্যাগের ঘটনা ঘটেছে। ফলে প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে।
এর আগে পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সালও দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছিলেন। ইয়াসির বোর্ডের লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে বিসিবিতে যুক্ত ছিলেন।
একাধিক পরিচালকের সরে দাঁড়ানোয় বিসিবির ভেতরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। তবে বোর্ডের পক্ষ থেকে এখনও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা আসেনি।