হাঁটুর চোটে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় মার্ক উড

দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভোগায় নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। ৩৬ বছর বয়সি এই ফাস্ট বোলার জানিয়েছেন, ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি ক্রিকেটের বাইরে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।
অ্যাশেজ সিরিজের সময় হাঁটুর চোট আরও বাড়ায় তার ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে মাত্র ১১ ওভার বল করার পরই হাঁটুর সমস্যায় পড়ে যান তিনি এবং পরে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন।
বিবিসির একটি পডকাস্টে উড বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে চোট নিয়ে খুব সতর্ক থাকতে হচ্ছে। অতিরিক্ত চাপ দিলে সেটাই হয়তো ক্যারিয়ারের শেষ হয়ে যেতে পারে।
২০১৫ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ৩৮ ম্যাচে ১১৯ উইকেট নিয়েছেন উড। ইংল্যান্ডের হয়ে তিনি ২০১৫ সালের অ্যাশেজ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দলেও ছিলেন।
চোট থেকে ফেরার প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে বলে জানিয়েছেন উড। প্রতি ছয় সপ্তাহ পরপর পরীক্ষা করা হচ্ছে এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার অবস্থার। তিনি ইতোমধ্যে দৌড়ানো শুরু করেছেন এবং আশা করছেন শিগগিরই হালকা বোলিংও শুরু করতে পারবেন।
তবে অনিশ্চয়তার কারণে তিনি ক্রিকেটের বাইরেও ভবিষ্যতের পরিকল্পনা করা শুরু করেছেন। উড জানান, তিনি পডকাস্ট করছেন এবং কোচিং ব্যাজ নেওয়ার কথাও ভাবছেন।