logo

অস্ট্রেলিয়া সিরিজের পাকিস্তান দল থেকে বাদ রিজওয়ান

অস্ট্রেলিয়া সিরিজের পাকিস্তান দল থেকে বাদ রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিরিজের পরই পাকিস্তানের ওয়ানডে দলে বড় পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে নেই তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন বাবর আজম, নাসিম শাহ, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

রিজওয়ানের বাদ পড়াটাই এই দলে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের সঙ্গে তার উত্তপ্ত কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। দুই দলের কোচদেরও পরে বিষয়টি নিয়ে কথা বলতে হয়। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে জায়গা হলো না পাকিস্তানের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটারের।

পিসিবি অবশ্য রিজওয়ানকে বাদ দেওয়ার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। উইকেটকিপার-ব্যাটার উসমান খান অসুস্থতার কারণে নির্বাচনের বাইরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজের দলে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে মুহাম্মদ গাজী ঘোরি ও রোহাইল নাজিরকে। রোহাইলের সামনে এই সিরিজে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ তৈরি হতে পারে।

পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মার্চে বাংলাদেশের বিপক্ষে। সেই সিরিজে বাবর আজম, ফখর জামান ও সাইম আইয়ুবদের বাইরে রেখে তুলনামূলক নতুনদের নিয়ে দল সাজিয়েছিল পিসিবি। সিরিজ হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয় বোর্ডকে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফেরানো হয়েছে বাবর, নাসিম, শাদাবদের মতো পরিচিত মুখদের।

তবে ফখর জামান ও সাইম আইয়ুব এবারও বিবেচনায় আসেননি। দুজনই চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বলে জানিয়েছে পিসিবি। বোর্ডের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে তাদের পুনর্বাসন চলছে।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস ও রোহাইল নাজির। আগেও ওয়ানডে দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তারা। অস্ট্রেলিয়া সিরিজে তাদের কারও আন্তর্জাতিক অভিষেক হয়ে যেতে পারে।

পাকিস্তান দল আজ রাতেই ইসলামাবাদে একত্র হবে। ২৩ মে থেকে কোচিং স্টাফের অধীনে অনুশীলন শুরু করবে তারা। একই দিন ইসলামাবাদে পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া দলেরও। সিরিজ শুরুর আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নেবে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ মে রাওয়ালপিন্ডিতে। ২ ও ৪ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। ২০২২ সালের পর এটিই পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে সিরিজ। সেবার তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের দল

শাহিন শাহ আফ্রিদি অধিনায়ক, সালমান আলী আগা সহঅধিনায়ক, আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামাইল হুসাইন ও সুফিয়ান মুকিম।