logo

জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের হার। ঘরের মাঠে এমন পরাজয়ের পর এবার সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ক্যারিবীয়দের লক্ষ্য শেষ টেস্ট জিতে বাংলাদেশকে ধবলধোলাই করা। অন্যদিকে নাজমুল হোসেন শান্তর দলের সামনে সিরিজ বাঁচানোর পাশাপাশি হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগলেও এবার ভালো পারফরম্যান্সের প্রত্যাশা স্বাগতিকদের। চোটের কারণে মুমিনুল হককে পাচ্ছে না বাংলাদেশ। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ। ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্কোর ও মাঠের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আমাদের লাইভ ব্লগে।

আমির জাঙ্গু। ছবি: গেটি ইমেজ
০৫ নভেম্বর ২০২৬, ০৫: ১৪ পিএম
জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম দিন ক্যারিবীয়দের, আজকের মতো বিদায়

সিলেট টেস্টের প্রথম দিনের খেলা এখানেই শেষ। সকালটা বাংলাদেশের পেসারদের দাপটে শুরু হলেও দিন শেষে স্বস্তিতে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরিতে শুরুর বিপর্যয় কাটিয়ে ৪ উইকেটে ২৩৫ রান তুলেছে সফরকারীরা। আলোকস্বল্পতায় নির্ধারিত ৯০ ওভারের মধ্যে খেলা হয়েছে ৭০ ওভার।

দিনের শুরুতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। অভিষিক্ত কেভিন উইকহ্যামকে নিয়ে চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়েন জাঙ্গু। ৬১ রান করে উইকহ্যাম ফিরলেও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন জাঙ্গু।

দিন শেষে ১৭১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১১ রানে অপরাজিত জাঙ্গু। তাঁর সঙ্গে ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন জাস্টিন গ্রিভস। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৭৭ রানের। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও হাসান।

প্রথম দিনের শেষ সেশনে দুই দফা আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়। শেষ পর্যন্ত বিকেল ৪টা ২৭ মিনিটে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। আগামীকাল দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ থেকে আটকানোর চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে।

সিলেট টেস্টের প্রথম দিনের লাইভ আপডেটে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল দ্বিতীয় দিনের খেলার সর্বশেষ খবর নিয়ে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন এশিয়া পোস্ট স্পোর্টসের।

০৫ নভেম্বর ২০২৬, ০৪: ৩৭ পিএম
জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের, আলোকস্বল্পতায় আগেই স্টাম্পস

সিলেট টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়েও আমির জাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বিপদে পড়ে সফরকারীরা। ব্র্যান্ডন কিং ও জশুয়া ডা সিলভাকে ফিরিয়ে দেন তাসকিন। অন্যদিকে কাভেম হজকে বোল্ড করেন হাসান। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখেন জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম।

চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়েন দুজন। অভিষেক টেস্টে ১৪৫ বলে ৬১ রান করে হাসানের বলে বোল্ড হন উইকহ্যাম। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন জাঙ্গু। তাইজুল ইসলামকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৭১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১১ রান নিয়ে অপরাজিত আছেন এই ব্যাটার। তাঁর সঙ্গে ৬২ বলে ৩৫ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৭৭ রানের।

শেষ সেশনে আলোকস্বল্পতায় দুই দফা খেলা বন্ধ হয়। প্রথমবার প্রায় ৩৫ মিনিট পর খেলা শুরু হলেও বিকেল ৪টা ৮ মিনিটে আবারও মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিকেল ৪টা ২৭ মিনিটে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। নির্ধারিত ৯০ ওভারের মধ্যে খেলা হয়েছে ৭০ ওভার।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও হাসান। তবে প্রথম সেশনের শুরুতে পাওয়া সাফল্য ধরে রাখতে পারেননি বোলাররা। দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ থেকে আটকানোই হবে স্বাগতিকদের প্রধান চ্যালেঞ্জ।

০৫ নভেম্বর ২০২৬, ০৪: ১৩ পিএম
সিলেটে ফের আলোকস্বল্পতার বাধা, খেলা বন্ধ দ্বিতীয়বার

সিলেট টেস্টের প্রথম দিনের শেষ সেশনে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে আলোকস্বল্পতা। প্রায় ৩৫ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ক্রিকেটাররা। বিকেল ৪টা ৮ মিনিটে আলোর মাত্রা পরীক্ষা করে আবারও খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার সময় ৭০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান। ১৭১ বলে ১১১ রান নিয়ে অপরাজিত আছেন আমির জাঙ্গু। অন্য প্রান্তে ৬২ বলে ৩৫ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৭৭ রানের।

এর আগে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রথমবার আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়েছিল। ৩টা ৪৪ মিনিটে মাঠে ফেরেন ক্রিকেটাররা। তবে আকাশ আবারও মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় ৪টা ৮ মিনিটে দ্বিতীয়বার খেলা বন্ধ করতে হয়। দিনের বাকি সময়ে আর খেলা সম্ভব হবে কি না, তা নির্ভর করছে আলোর পরিস্থিতির ওপর।

০৫ নভেম্বর ২০২৬, ০৩: ৫৬ পিএম
আলোকস্বল্পতা কাটিয়ে আবারও শুরু সিলেট টেস্ট

আলোকস্বল্পতায় প্রায় ৩৫ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা। বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। তবে কিছুক্ষণ পর রোদের দেখা মেলায় মাঠে ফিরেছেন দুই দলের ক্রিকেটাররা।

খেলা শুরুর পর প্রথম ওভারটি মেডেন নিয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৬৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান। ১৬১ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান নিয়ে অপরাজিত আছেন আমির জাঙ্গু। অন্য প্রান্তে ৪৮ বলে ২৬ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস।

মাঠে এখনো ফ্লাডলাইট জ্বলছে। আকাশে রোদের দেখা মিললেও আলোকস্বল্পতার শঙ্কা পুরোপুরি কাটেনি। ফলে দিনের বাকি সময়ে কতক্ষণ খেলা চালানো সম্ভব হবে, তা নির্ভর করছে আলোর পরিস্থিতির ওপর।

০৫ নভেম্বর ২০২৬, ০৩: ২৫ পিএম
সিলেটে আলোকস্বল্পতায় খেলা বন্ধ, ওয়েস্ট ইন্ডিজ ২১৬/৪

সিলেট টেস্টের প্রথম দিনের শেষ সেশনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেছে। বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও নিতিন মেনন। লাইট মিটার দিয়ে আলোর মাত্রা পরীক্ষা করার পর ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন তাঁরা।

খেলা বন্ধ হওয়ার সময় ৬৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান। ১৫৫ বলে ১০২ রান নিয়ে অপরাজিত আছেন আমির জাঙ্গু। তাঁর সঙ্গে ৪৮ বলে ২৬ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৫৮ রানের।

এদিকে খেলা বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। তাঁর বদলি ফিল্ডার হিসেবে নেমেছেন জাকের আলী। তবে তাসকিনের সমস্যার বিস্তারিত এখনো জানা যায়নি।

মাঠে ফ্লাডলাইট জ্বললেও স্বাভাবিক আলো পর্যাপ্ত না থাকায় আপাতত খেলা বন্ধ রয়েছে। আলোর পরিস্থিতি উন্নতি হলে আবারও খেলা শুরু হতে পারে।

০৫ নভেম্বর ২০২৬, ০৩: ২৫ পিএম
ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি জাঙ্গুর, চাপে বাংলাদেশ

সিলেট টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। প্রথম দিনের শুরুতে দলের বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমে ধৈর্য আর আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক পূর্ণ করেছেন এই ক্যারিবীয় ব্যাটার।

ইনিংসের ৬৩তম ওভারে তাইজুল ইসলামকে লং অফের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছান জাঙ্গু। সেঞ্চুরির পর হেলমেট খুলে উদযাপন করেন তিনি। এরপর সিজদায় গিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সতীর্থরাও দাঁড়িয়ে অভিনন্দন জানান তাকে।

মাত্র ২৭ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে ঘুরে দাঁড় করাতে অভিষিক্ত কেভিন উইকহ্যামের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েছিলেন জাঙ্গু। উইকহ্যাম ৬১ রানে ফিরলেও ব্যাট হাতে অবিচল রয়েছেন তিনি। তার শতকে বড় সংগ্রহের পথে এগোচ্ছে সফরকারীরা।

০৫ নভেম্বর ২০২৬, ০২: ২৫ পিএম
জাঙ্গুর দৃঢ়তায় চা বিরতিতে স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টে প্রথম দিনের দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের সামনে শুরুতে বিপর্যয়ে পড়লেও আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। দ্বিতীয় সেশনে মাত্র একটি উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে সফরকারীরা।

৫৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৮০ রান। ১২৪ বলে ৭ চার ও এক ছক্কায় ৭৬ রান নিয়ে অপরাজিত আছেন জাঙ্গু। তার সঙ্গে ১৯ বলে ২ চারে ১৬ রান করে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ২২ রানের।

প্রথম সেশনে ২৭ রানে ৩ উইকেট হারানোর পর জাঙ্গুর সঙ্গে ১৩১ রানের জুটি গড়েছিলেন অভিষিক্ত উইকহ্যাম। দ্বিতীয় সেশনে সেই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ১৪৫ বলে ৫ চারে ৬১ রান করা উইকহ্যামকে বোল্ড করে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দেন তিনি।

তবে এরপর আর কোনো উইকেট তুলতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রথম দিনের দুই সেশন শেষে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নিয়েছেন দুটি করে উইকেট। ১৪ ওভারে ৫৮ রান দিয়েছেন হাসান। অন্যদিকে স্পিনার মেহেদী হাসান মিরাজ ১২ ওভারে মাত্র ২৬ রান দিলেও উইকেট পাননি। উইকেট ক্রমেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠায় শেষ সেশনে বাংলাদেশের সামনে দ্রুত উইকেট তুলে নেওয়ার চ্যালেঞ্জ।

০৫ নভেম্বর ২০২৬, ০২: ০৩ পিএম
১২৩ রানের জুটি ভাঙলেন হাসান, ফিরলেন উইকহ্যাম

অবশেষে সিলেট টেস্টে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে। দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে ওয়েস্ট ইন্ডিজের জমে যাওয়া জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন অভিষেক টেস্টে অর্ধশতক হাঁকানো কেভিন উইকহ্যাম। এতে চতুর্থ উইকেটে আমির জাঙ্গুর সঙ্গে গড়া ১২৩ রানের জুটির অবসান ঘটেছে।

ইনিংসের ৫১তম ওভারের প্রথম বলে উইকেটটি তুলে নেন হাসান। অফ ও মিডল স্টাম্প বরাবর আসা লেংথ বল ক্রিজে দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন উইকহ্যাম। কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল আঘাত হানে অফ স্টাম্পে। ১৪৫ বলে ৫ চারে ৬১ রান করে ফিরেছেন এই ক্যারিবীয় ব্যাটার।

০৫ নভেম্বর ২০২৬, ০১: ৪৪ পিএম
অভিষেকেই উইকহ্যামের ফিফটি, বড় জুটিতে চাপে বাংলাদেশ

সিলেট টেস্টে অভিষেক ম্যাচেই দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম। আমির জাঙ্গুর সঙ্গে তার দুর্দান্ত জুটিতে প্রথম সেশনের বিপর্যয় কাটিয়ে এখন শক্ত অবস্থানে ক্যারিবীয়রা। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারানো দলটি ৪৮.৩ ওভার শেষে তুলেছে ৩ উইকেটে ১৫৫ রান।

নাঈম হাসানের বলে এক রান নিয়ে ১২৩ বলে ফিফটি পূর্ণ করেন ২৩ বছর বয়সী উইকহ্যাম। অভিষেকেই এমন ইনিংস খেলে সতীর্থদের অভিনন্দনও পেয়েছেন তিনি। বর্তমানে ১৪১ বলে ৫ চারে ৫৯ রানে অপরাজিত এই ব্যাটার। অন্য প্রান্তে ১০৮ বলে ৬ চার ও এক ছক্কায় ৬৯ রান নিয়ে ব্যাট করছেন জাঙ্গু। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটি পৌঁছেছে ১২৮ রানে।

এর মধ্যে হাসান মাহমুদের বলে ব্যক্তিগত ৬৮ রানে জীবন পেয়েছেন জাঙ্গু। তার পুল শটে বল ফিরতি ক্যাচ হিসেবে এলেও ঝাঁপিয়ে পড়ে সেটি তালুবন্দি করতে পারেননি হাসান। একই বোলারের শর্ট বলে হাতে আঘাত পেয়েছেন উইকহ্যামও। তবে প্রাথমিক চিকিৎসার পর ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

০৫ নভেম্বর ২০২৬, ০১: ১০ পিএম
জাঙ্গু-উইকহ্যামের শতরানের জুটি, উইকেটের খোঁজে বাংলাদেশ

সিলেট টেস্টে প্রথম সেশনের দাপট ধরে রাখতে পারছে না বাংলাদেশ। মাত্র ২৭ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর আর কোনো সাফল্য পাননি স্বাগতিক বোলাররা। উল্টো আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেছেন এই দুই ব্যাটার।

৪২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। চতুর্থ উইকেটে ২০০ বলে অবিচ্ছিন্ন ১০৩ রান যোগ করেছেন জাঙ্গু ও উইকহ্যাম। ৯৬ বলে ৬ চারে ৫৮ রান নিয়ে অপরাজিত জাঙ্গু। অন্য প্রান্তে ১১৪ বলে ৫ চারে ৪৫ রানে ব্যাট করছেন উইকহ্যাম।

দ্বিতীয় সেশনে স্পিনারদের ওপর ভরসা রাখলেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাইজুল ইসলাম ১১ ওভারে ২৬ এবং নাঈম হাসান ৫ ওভারে মাত্র ৫ রান দিয়েছেন। রান আটকে রাখতে পারলেও ক্যারিবীয়দের জমে যাওয়া জুটি ভাঙতে পারছেন না তাঁরা।

০৫ নভেম্বর ২০২৬, ১২: ৫৮ পিএম
জাঙ্গুর ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টে শুরুর বিপর্যয় সামলে ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যাম। এবার ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন জাঙ্গু। নাঈম হাসানের বলে এক রান নিয়ে ফিফটি পূর্ণ করেন এই ক্যারিবীয় ব্যাটার। ৮৬ বলে ৫ চারে ৫০ রানে অপরাজিত আছেন তিনি।

প্রথম ইনিংসে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে জাঙ্গু ও অভিষিক্ত উইকহ্যামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ৩৭.৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান। চতুর্থ উইকেটে ১৭৫ বলে ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। ৯৯ বলে ৫ চারে ৪৪ রান নিয়ে অপরাজিত উইকহ্যামও এগোচ্ছেন অর্ধশতকের দিকে।

প্রথম সেশনে তাসকিন আহমেদ ২টি ও হাসান মাহমুদ একটি উইকেট নিলেও এরপর আর সাফল্য পায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে স্পিনারদের দিয়ে চাপ তৈরির চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাইজুল ইসলাম ৯ ওভারে ১৯ এবং নাঈম হাসান ২.৫ ওভারে মাত্র ৩ রান দিয়েছেন। তবে জাঙ্গু-উইকহ্যামের প্রতিরোধ ভাঙতে পারেননি কেউই।

০৫ নভেম্বর ২০২৬, ১২: ৩০ পিএম
জাঙ্গু-উইকহ্যামের প্রতিরোধে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেও অব্যাহত রয়েছে আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের প্রতিরোধ। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া ওয়েস্ট ইন্ডিজকে ধীরে ধীরে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন এই দুই ব্যাটার। তাঁদের অবিচ্ছিন্ন জুটি ইতোমধ্যে ৭০ রানে পৌঁছেছে।

মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারটি মেডেন নিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে এরপর কিছুটা হাত খুলে খেলেছেন জাঙ্গু। তাসকিন আহমেদের এক ওভারে দুর্দান্ত পুল শটে চার মারার পাশাপাশি ৭ রান নিয়েছেন তিনি। অন্যদিকে অভিষিক্ত উইকহ্যাম খেলছেন দেখেশুনে।

২৯.৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান। ৪১ রানে অপরাজিত জাঙ্গু, তাঁর সঙ্গী উইকহ্যাম ব্যাট করছেন ২৯ রানে। প্রথম সেশনে পেসারদের দাপট থাকলেও দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। এরই মধ্যে সিলেটের মেঘলা আকাশে রোদের দেখা মিলেছে, যা উইকেটের আর্দ্রতা কমিয়ে ব্যাটিং কিছুটা সহজ করে তুলতে পারে।

০৫ নভেম্বর ২০২৬, ১১: ৪৩ এএম
শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের প্রথম দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের দাপটে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের প্রতিরোধে বিপর্যয় সামলে মধ্যাহ্ন বিরতিতে গেছে ক্যারিবীয়রা।

প্রথম সেশনে ২৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। চতুর্থ উইকেটে ১০৪ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়েছেন জাঙ্গু ও উইকহ্যাম। ৫৪ বলে ৪ চারে ৩২ রান নিয়ে অপরাজিত জাঙ্গু। অন্য প্রান্তে ৬০ বলে ৩ চারে ২৭ রান করেছেন উইকহ্যাম।

বাংলাদেশের হয়ে প্রথম তিনটি উইকেটই নিয়েছেন দুই পেসার। ব্র্যান্ডন কিং ও জশুয়া ডা সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। কাভেম হজকে বোল্ড করেছেন হাসান। তবে প্রথম ঘণ্টার দাপট ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। পরের ১৭.২ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত ৮ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন। সমান ওভারে ৩৩ রান দিয়ে হাসানের শিকার একটি। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৭ ওভারে মাত্র ১৩ এবং তাইজুল ইসলাম ৩ ওভারে ৩ রান দিয়েছেন।

০৫ নভেম্বর ২০২৬, ১১: ২৭ এএম
তিন উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের প্রথম সকালেই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপে বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারানোর পর এবার ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করছেন আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম।

১৭ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ৬৩ রান। চতুর্থ উইকেটে ইতোমধ্যে ৫০ বলে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন জাঙ্গু ও উইকহ্যাম। ২৭ বলে ৪ চারে ২৩ রান নিয়ে অপরাজিত জাঙ্গু। অন্য প্রান্তে ৩২ বলে ১৪ রানে ব্যাট করছেন উইকহ্যাম।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৬ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন। অন্য উইকেটটি হাসানের, ৭ ওভারে ২৮ রান দিয়েছেন তিনি। এরই মধ্যে স্পিন আক্রমণে এসেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ৩ ওভারে মাত্র ৮ রান দিয়েছেন বাংলাদেশের এই অফ স্পিনার।

০৫ নভেম্বর ২০২৬, ১০: ২৮ এএম
তাসকিনের দ্বিতীয় শিকার ডা সিলভা, চাপে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের প্রথম সকালেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে আরেকটি ধাক্কা দিলেন তাসকিন আহমেদ। ব্র্যান্ডন কিংয়ের পর এবার তার শিকার জশুয়া ডা সিলভা। দুর্দান্ত এক ডেলিভারিতে ক্যারিবীয় ওপেনারকে এলবিডব্লিউ করেছেন বাংলাদেশের এই পেসার।

অফ স্টাম্পের আশপাশে গুড লেংথে পড়া বল ভেতরে ঢুকে যায়। ক্রিজে দাঁড়িয়ে বলটি লেগ সাইডে খেলার চেষ্টা করেছিলেন ডা সিলভা। কিন্তু ব্যাটে না লেগে সরাসরি প্যাডে আঘাত করে বল। ১৭ বলে ১২ রান করে ফিরেছেন ডা সিলভা।

এর আগে তাসকিনের বলে ব্র্যান্ডন কিং এবং হাসান মাহমুদের বলে কাভেম হজ বোল্ড হন। দুই পেসারের দাপটে ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

০৫ নভেম্বর ২০২৬, ১০: ০৫ এএম
বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হজ, দ্বিতীয় উইকেট বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম সকালেই দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের পর এবার উইকেটের দেখা পেয়েছেন হাসান মাহমুদ। তার বলে কোনো শট না খেলেই বোল্ড হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কাভেম হজ।

এর আগে ইনিংসের পঞ্চম ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন তাসকিন। দুই পেসারের আঘাতে শুরুতেই চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

০৫ নভেম্বর ২০২৬, ১০: ০৫ এএম
তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড ব্র্যান্ডন কিং

সিলেট টেস্টের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই ক্যারিবীয় ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করেছেন বাংলাদেশের এই পেসার। ১৮ বলে ২ চারে ৯ রান করে ফিরেছেন কিং। ৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান।

মেঘলা আবহাওয়ায় শুরু থেকেই সুইং ও সিম মুভমেন্ট পাচ্ছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন ও হাসান মাহমুদ। দ্বিতীয় ওভারে হাসানের বলে দ্বিতীয় স্লিপে কিংয়ের সতীর্থ জশুয়া ডা সিলভার ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। সেই সুযোগ কাজে লাগিয়ে টিকে যান টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ওপেন করতে নামা ডা সিলভা। তবে অন্য প্রান্তে তাসকিনের দুর্দান্ত বলে উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে সফরকারীরা।

০৫ নভেম্বর ২০২৬, ১০: ০৫ এএম
সিলেট টেস্টের লাইভে স্বাগতম

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের লাইভ আপডেটে সবাইকে স্বাগতম। সিলেটে সকাল থেকেই আকাশ মেঘলা। এমন আবহাওয়ায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ।

প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুমিনুল হক ও শরিফুল ইসলামের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। অন্যদিকে ভাইরাল জ্বরে জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল ছিটকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হচ্ছে কেভিন উইকহ্যামের।