logo
Advertisement
নারী এশিয়া কাপ

ছয় হারের বৃত্ত ভাঙতে শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ

ছয় হারের বৃত্ত ভাঙতে শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ
শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের দৃশ্য। ছবি: গেটি ইমেজ

প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। এবার সামনে আরও কঠিন পরীক্ষা। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে শুধু গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াই নয়, বাংলাদেশের সামনে আছে লঙ্কানদের বিপক্ষে টানা ছয় হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জও।

Advertisement

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে গ্রুপ ‘বি’র গুরুত্বপূর্ণ ম্যাচটি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে এই গ্রুপে আছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। গ্রুপের সেরা দুই দল জায়গা পাবে সেমিফাইনালে।

শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডটা মোটেও স্বস্তির নয় বাংলাদেশের। দুই দল এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে, যার ১৩টিতেই জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের জয় মাত্র তিনটি। ২০২৩ সালে কলম্বোয় ছয় উইকেটের জয়টিই লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সাফল্য। এরপর টানা ছয় ম্যাচেই হেরেছে টাইগ্রেসরা।

তবে এবারের আসর বাংলাদেশ শুরু করেছে আত্মবিশ্বাস বাড়ানো এক জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারায় জ্যোতির দল। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। সোবহানা মোস্তারি ৪০ এবং স্বর্ণা আক্তার অপরাজিত ৩১ রান করেন। পরে নাহিদা আক্তারের ১৫ রানে ৩ ও মারুফা আক্তারের ৬ রানে ২ উইকেটে ইন্দোনেশিয়াকে মাত্র ৫৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

বড় ব্যবধানে জয় পেলেও নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না অধিনায়ক জ্যোতি। তার মতে, আরও কয়েকটি জায়গায় উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের।

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের পর জ্যোতি বলেন, ‘অনেক জায়গাতেই আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের সঠিক জায়গায় আরও ধারাবাহিকভাবে বল করতে হবে। পরের ম্যাচের আগে সময় আছে, ভুলগুলো ঠিক করার চেষ্টা করব।’

এশিয়া কাপে এবার শেষ পর্যন্ত যাওয়ার লক্ষ্যও পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগের কয়েকটি আসরে প্রত্যাশা পূরণ না হওয়ায় এবার নিজেদের সেরা ক্রিকেট খেলতে চান তারা। শ্রীলঙ্কাকে হারাতে হলে যে প্রায় নিখুঁত পারফরম্যান্স প্রয়োজন, সেটিও জানেন জ্যোতি।

বাংলাদেশের জন্য বড় হুমকির নাম চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার অধিনায়ক দুর্দান্ত ছন্দে আছেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ মাত্র ৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষেও তার রেকর্ড বেশ ভালো। ১৫ ম্যাচে ৩৯৮ রান করার পাশাপাশি নিয়েছেন ১৫ উইকেট।

শ্রীলঙ্কাও এখন পর্যন্ত আসরে নিখুঁত। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৭৯ রানে অলআউট করার পর ৯ উইকেটে জেতে তারা। এরপর ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে ১২৪ রান করার পর ইন্দোনেশিয়াকে ৪৯ রানে গুটিয়ে দেয় লঙ্কানরা।

ফলে আজকের ম্যাচটি কার্যত গ্রুপসেরার লড়াইও। বাংলাদেশ জিতলে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে দীর্ঘ পরাজয়ের ধারাই ভাঙবে না, গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে। সেটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। গ্রুপ ‘এ’ থেকে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারত শীর্ষস্থান পাওয়ার পথে এগিয়ে আছে। ‘বি’ গ্রুপে দ্বিতীয় হলে সেমিফাইনালেই শক্তিশালী ভারতের সামনে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। আট বছর পর আরেকটি শিরোপার স্বপ্ন দেখছে জ্যোতির দল। সেই পথে আজকের শ্রীলঙ্কা পরীক্ষা হতে পারে বাংলাদেশের সামর্থ্য বোঝার সবচেয়ে বড় মাপকাঠি।