বাংলাদেশের কাছে হারের পর বাদ অজি ওপেনার

ডারউনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের ঐতিহাসিক হারের পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে পরিবর্তন এসেছে। ম্যাকেতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। তার জায়গায় ১৩ সদস্যের দলে ফিরেছেন ম্যাট রেনশ।
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে এটিই একমাত্র পরিবর্তন। প্রথম টেস্টের একাদশে থাকা মার্নাস লাবুশেন জায়গা ধরে রেখেছেন।
ডারউনে নিজের ঘরের মাঠে খেলার সুযোগ কাজে লাগাতে পারেননি ওয়েদারাল্ড। প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। ছয় টেস্টের ১২ ইনিংস শেষে তার ব্যাটিং গড় নেমে এসেছে ২০.৩৬-এ।
গত অ্যাশেজে ট্রাভিস হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি গড়েছিলেন ওয়েদারাল্ড। এপ্রিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিও পেয়েছিলেন। তবে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর এক ম্যাচের মধ্যেই তার ওপর থেকে আস্থা সরিয়ে নিলেন নির্বাচকেরা।
ওয়েদারাল্ডের ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘জেকের ব্যাটিং সেটআপ ও নড়াচড়ায় কিছু পরিবর্তন ছিল। তবে ছোট নমুনায় সেটি আন্তর্জাতিক ক্রিকেটের চাপে টিকবে কি না, বলা কঠিন।’
ওয়েদারাল্ডের জায়গায় ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস শুরু করার দৌড়ে এগিয়ে রেনশ। ৩০ বছর বয়সী এই বাঁহাতি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে, ভারতের বিপক্ষে দিল্লিতে। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছেন তিনি।
দ্বিতীয় টেস্টের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে রেনশর। গত শেফিল্ড শিল্ড মৌসুমেও দুর্দান্ত ছিলেন। ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করে প্রায় ৫০ গড়ে রান করেছিলেন তিনি। ফলে ম্যাকেতে টেস্ট দলে ফেরার ভালো সম্ভাবনাই রয়েছে তার।
তবে উদ্বোধনী জুটিতে রেনশর জায়গা নিশ্চিত নয়। দলে থাকা জশ ইংলিসকেও ট্রাভিস হেডের সঙ্গী হিসেবে বিবেচনা করতে পারেন নির্বাচকেরা।
ওয়েদারাল্ড বাদ পড়লেও টিকে গেছেন লাবুশেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তার রান ছিল ১ ও ৩১। সর্বশেষ ৪২ টেস্ট ইনিংসে ২৫.২৩ গড়ে রান করেছেন তিনি। প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরিও নেই তার।
লাবুশেনকে নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘শেষ পর্যন্ত ৩১ বড় কোনো স্কোর নয়। সে রান পাচ্ছে না, সেটি সে জানে এবং আমরাও জানি। তাকে সেরা অবস্থায় ফেরাতে আমরা কাজ করছি।’
ডারউনে চার দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামী ২২ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে সেখানে জিততেই হবে প্যাট কামিন্সের দলকে।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।



-219d5e.webp)