বাংলাদেশের বোলিংয়েই ঘুরে দাঁড়ানোর পথ দেখছেন হ্যাজেলউড

বল হাতে ছয় উইকেট, সঙ্গে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক। ব্যক্তিগতভাবে দিনটি স্মরণীয় হলেও দলের বিপদই বেশি ভাবাচ্ছে জশ হ্যাজেলউডকে। ডারউইন টেস্টে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বোলিংকেই অনুসরণ করতে চান অস্ট্রেলিয়ার এই পেসার।
বাংলাদেশের ৪২৬ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১। এখনও ৬৭ রানে পিছিয়ে স্বাগতিকেরা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হ্যাজেলউড অকপটে স্বীকার করেন, অস্ট্রেলিয়ার সামনে পথ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররাই।
হ্যাজেলউড বলেন, ‘বাংলাদেশ একটু আগে যেভাবে বোলিং করেছে, সেটি ছিল বেশ আঁটসাঁট। তারা খুব বেশি রান দেয়নি এবং ফলও পেয়েছে। আমার মনে হয়, আমাদের সামনে এগোনোর পথও সেটিই।’
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের পেস আক্রমণ। হাসান মাহমুদ নেন ৬ উইকেট, বাকি চারটি ভাগ করে নেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। কন্ডিশনের সর্বোচ্চ ব্যবহার করায় তাদের প্রশংসা করেছেন হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ান পেসার বলেন, ‘কন্ডিশন অনুযায়ী তারা খুব ভালো বল করেছে। প্রথম দিনের প্রথম ভাগে উইকেট থেকে যতটা সহায়তা পাওয়া সম্ভব ছিল, তারা তার সর্বোচ্চ ব্যবহার করেছে। আমার মনে হয়েছে, তারা দারুণ ফুল লেংথে বল করেছে।’
দ্বিতীয় ইনিংসেও নতুন বল হাতে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ। হাসান ফিরিয়েছেন দুই ওপেনার জ্যাক ওয়েদারল্ড ও ট্রাভিস হেডকে। মেহেদী হাসান মিরাজের বলে ফিরেছেন স্টিভ স্মিথ, আর মার্নাস লাবুশেনকে বোল্ড করেছেন তাইজুল ইসলাম।
হ্যাজেলউডের মতে, ব্যাটিংয়ের জন্য উইকেট এখনও ভালো। তাই সরাসরি উইকেটের পেছনে না ছুটে রান আটকে চাপ তৈরি করাই হবে কার্যকর কৌশল। তিনি বলেন, ‘উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। রান করার গতি কমিয়ে ব্যাটারকে ভুল করতে বাধ্য করাই সম্ভবত উইকেট নেওয়ার সেরা উপায়।’
প্রতিকূল অবস্থাতেও জয়ের আশা ছাড়ছেন না হ্যাজেলউড। চতুর্থ দিনে ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারিকে যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে দেখতে চান তিনি।
হ্যাজেলউড বলেন, ‘আমরা এখনও প্রায় ৭০ রানে পিছিয়ে। সেটি পেরিয়ে যাওয়ার সময়ও যদি চার উইকেটেই থাকতে পারি, তাহলে চাপ তৈরি করা শুরু করতে পারব।’
শেষ দিন পর্যন্ত ম্যাচ টেনে নিতে পারলে সুযোগ তৈরি হতে পারে বলে বিশ্বাস তার, ‘আগামীকাল অনেকটা সময়, সম্ভব হলে পুরো দিন ব্যাট করতে পারলে শেষ দিনে ১০ উইকেট নেওয়ার সুযোগ সব সময়ই থাকে। তখন উইকেটে কিছুটা অসমান বাউন্সও দেখা দিতে পারে। তাই জয় এখনও অবশ্যই আমাদের ভাবনায় রয়েছে।’
বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৮৯ রান নিয়েছেন হ্যাজেলউড। মিরাজকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে পূর্ণ করেন ৩০০ টেস্ট উইকেট। তবে ব্যক্তিগত অর্জনের দিনে তার দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হার এড়ানো।



