টানা ছয় বলে ছয় উইকেট, ইংলিশ ঘরোয়া ক্রিকেটে বিরল কীর্তি

ক্রিকেটে হ্যাটট্রিকই বিরল ঘটনা। সেখানে টানা ছয় বলে ছয় উইকেট নেওয়া যেন অবিশ্বাস্য এক কীর্তি। ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারের ক্লাব ক্রিকেটে সেটিই করে দেখালেন পেনক্রিজের পেসার মাইলস ডেভিস।
সাউথ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনে শনিবার পেলসলের বিপক্ষে ম্যাচে এই বিরল কীর্তি গড়েন ডেভিস। পেনক্রিজ আগে ব্যাট করে ১৬৮ রানে অলআউট হয়েছিল। জবাবে পেলসল একসময় ৮ ওভারে ২ উইকেটে ৪৯ রানে ছিল। তখনও কেউ ভাবেনি, এরপর কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের গল্প পুরো বদলে যাবে।
ডেভিস এর আগে নিজের তৃতীয় ওভারে একটি উইকেট পেয়েছিলেন। নবম ওভার শুরু করেন ওয়াইড দিয়ে। কিন্তু এরপরই যেন বদলে যায় দৃশ্যপট। ওভারের শেষ দুই বলে দুই ব্যাটারকে বোল্ড করেন তিনি। সতীর্থরা তখনই মোবাইল ফোন বের করেন, পরের ওভারের প্রথম বলে হ্যাটট্রিক দেখার আশায়।
পরের ওভারের প্রথম বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যাটার। হ্যাটট্রিক পূর্ণ হয় ডেভিসের। কিন্তু নাটক সেখানেই শেষ হয়নি। পরের বলেও ব্যাটারকে বোল্ড করেন তিনি। এরপর আরেক ব্যাটারের মাঝের স্টাম্প উপড়ে দেন। ষষ্ঠ বলে অফ স্টাম্প উড়িয়ে পূর্ণ করেন টানা ছয় বলে ছয় উইকেটের অবিশ্বাস্য কীর্তি।
Six wickets in six balls!
Penkridge CC bowler Myles Davis took a double hat-trick on Saturday.
Wickets 3, 5 and 6 were caught on camera! pic.twitter.com/5OsYDcT2Rd
— Test Match Special (@bbctms) April 28, 2026
ডেভিসের এই বিধ্বংসী স্পেলে পেলসলের স্কোর মুহূর্তেই হয়ে যায় ৪৯ রানে ৯ উইকেট। শেষ পর্যন্ত ৬ ওভারে ১৬ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন ডানহাতি এই পেসার। পেনক্রিজ পায় ১১৬ রানের বড় জয়।
ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে ডেভিস বলেন, পুরো ঘটনাটা এখনও তার কাছে অবাস্তব মনে হচ্ছে। চতুর্থ উইকেটের পর তিনি নিজেই বিস্মিত হয়ে পড়েছিলেন, এরপর যেন সবকিছু নিজে থেকেই ঘটতে থাকে।
পেনক্রিজের চেয়ারম্যান জন প্রাইস জানিয়েছেন, তাদের ধারণা অনুযায়ী বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা মাত্র সপ্তমবার ঘটল। তার দাবি, যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ ক্রিকেটারদের মধ্যে ডেভিসই প্রথম এই কীর্তি গড়েছেন। ক্লাবের নিজস্ব বয়সভিত্তিক কাঠামো থেকে উঠে আসা একজন ক্রিকেটারের এমন অর্জনে তারা গর্বিত বলেও জানান তিনি।
ডেভিসের জন্য হ্যাটট্রিক অবশ্য একেবারে নতুন কিছু নয়। পেশায় ইলেকট্রিশিয়ান এই ক্রিকেটার গত মৌসুমেও দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে শনিবারের কীর্তি সবকিছুকে ছাড়িয়ে গেছে।
মজার বিষয়, ম্যাচটি খেলার সুযোগই হয়তো পেতেন না ডেভিস, যদি তার এক সহকর্মী কাজের দায়িত্ব না নিতেন। তাই ম্যাচ শেষে তাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
সূত্র : বিবিসি