logo

ইংল্যান্ডকে টেস্টের এক নম্বরে নিতে চান ফ্লেমিং

ইংল্যান্ডকে টেস্টের এক নম্বরে নিতে চান ফ্লেমিং
ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফ্লেমিং। ছবি: গেটি ইমেজ

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন যুগ শুরু করতে চান স্টিফেন ফ্লেমিং। নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়ে দিলেন, তার লক্ষ্য ইংল্যান্ডকে আবারও টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে তোলা। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও দলের মানসিকতায় পরিবর্তন চান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

ব্রেন্ডন ম্যাককালামের উত্তরসূরি হিসেবে গত জুলাইয়ে নিয়োগ পাওয়া ফ্লেমিংয়ের সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চুক্তি ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত। দায়িত্ব নেওয়ার পর প্রথম মিশন হবে দক্ষিণ আফ্রিকা সফর।

ফ্লেমিং বলেন, ‘বিশ্বের এক নম্বর টেস্ট দলের দায়িত্বে থাকতে চাই। সেটাই আমার লক্ষ্য।’

ইংল্যান্ড সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ২০১২ সালে। সেই জায়গায় ফেরার পথে দলের পরিচয় ও সংস্কৃতিতেও পরিবর্তন আনতে চান নতুন কোচ। তার মতে, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব কীভাবে করা হচ্ছে, সেটিও মাঠের পারফরম্যান্সের মতোই গুরুত্বপূর্ণ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকেও এবার বিশেষ গুরুত্ব দিতে চান ফ্লেমিং। তিন আসরের একটিতেও ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড, অথচ তিনটি ফাইনালই হয়েছে তাদের মাটিতে। বর্তমান ২০২৫-২৭ চক্রেও তারা রয়েছে ছয় নম্বরে।

ফ্লেমিংয়ের ভাষায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি ক্রিকেটের অন্যতম বড় শিরোপা হয়, তবে সেটিকে জয়ের লক্ষ্য থেকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।

ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর কাউন্টি ক্রিকেটের সঙ্গে সম্পর্কও নতুন করে গড়তে শুরু করেছেন তিনি। ইয়র্কশায়ার, লেস্টারশায়ার, নর্দাম্পটনশায়ার ও ডারহামসহ একাধিক কাউন্টিতে ঘুরে খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলেছেন ফ্লেমিং।

সাবেক অধিনায়ক বেন স্টোকসের সঙ্গেও দেখা হয়েছে তার। তবে স্টোকসকে অবসর ভাঙানোর চেষ্টা করবেন না বলে জানিয়েছেন ফ্লেমিং। বরং আচরণ ও পেশাদারত্বের উদাহরণ হিসেবে জো রুটকে সামনে রেখেছেন তিনি।