logo

ব্র্যান্ড নয়, পারফরম্যান্সেই মন নাহিদ রানার

ব্র্যান্ড নয়, পারফরম্যান্সেই মন নাহিদ রানার

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের সেরা বোলিং করে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও নিজেকে কোনো ‘ব্র্যান্ড’ বা বিশেষ পরিচয়ে দেখতে চান না বাংলাদেশের এই তরুণ পেসার। তার লক্ষ্য একটাই—নিয়মিত ভালো পারফরম্যান্স করা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের দ্রুতগতির পেসার হিসেবে তাকে কি তার জেলা চাঁপাইনবাবগঞ্জের নামের সঙ্গে মিলিয়ে ‘চাঁপাই এক্সপ্রেস’ বলা যেতে পারে? জবাবে নাহিদ স্পষ্ট জানিয়ে দেন, তিনি এসব তকমা নিয়ে ভাবতে চান না।

তিনি বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না। আমি একজন স্বাভাবিক মানুষ। আমার চেষ্টা থাকে কীভাবে ভালো পারফরম্যান্স করতে পারি।’

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ৯ ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি পাকিস্তান। তবে এরপর বল হাতে ঝড় তোলেন নাহিদ রানা। মাত্র ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের গতিপথই বদলে দেন তিনি।

নিজের বোলিং পরিকল্পনা নিয়ে নাহিদ বলেন, শুরুতে বোলিং করা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের কাছ থেকে উইকেট সম্পর্কে ধারণা নিয়েছিলেন তিনি।

নাহিদের ভাষায়, ‘শুরুতে মুস্তাফিজ ভাই ও তাসকিন ভাই বোলিং করছিল। তাদের সঙ্গে কথা বলছিলাম উইকেট কেমন আচরণ করছে। তারা বলেছিল উইকেটে ঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হবে। আমি শুধু সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় দুই বছর হলেও এখনো সব সংস্করণে নিয়মিত নন নাহিদ। টেস্টে সুযোগ পেলেও ওয়ানডেতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজেও ছিলেন না দলে। এবার আবার ওয়ানডে দলে ফিরে জায়গাটা স্থায়ী করতে চান এই পেসার।

নাহিদ বলেন, ‘দল থেকে বলা হয়েছিল মন খুলে বোলিং করতে এবং আমি যেটা ভালো পারি সেটাই মাঠে প্রয়োগ করতে।’

গতির জন্য ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় আছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষেও তার গতি ও বাউন্সারেই বেশ চাপে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। তবে নিজের কাছে গতির চেয়ে দক্ষতাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এই পেসার।

তার ভাষায়, ‘গতি নিয়ে আমি খুব একটা ভাবি না। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু গতি নয়, স্কিলটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি সেটার ওপরই কাজ করার চেষ্টা করছি।’