শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজে সমতায় বাংলাদেশ নারী দল

প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। চার উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।
১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। অল্প রানেই ফিরেন দুই ওপেনার। তবে এরপর দায়িত্ব নেন অধিনায়ক চামারি আতাপাতু। তার ৪০ রানের ইনিংস দলকে লড়াইয়ে রাখে।
এরপর হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নে বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার দিকে নিয়ে যান। তাদের ৭৭ রানের জুটিই মূলত জয়ের ভিত গড়ে দেয়। সামারাবিক্রমা করেন ৫০ এবং করুনারত্নে যোগ করেন ৪০ রান।
শেষদিকে কয়েকটি উইকেট পড়লেও কাভিশা ও নীলাক্ষী দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার চারটি উইকেট নেন। এছাড়া সুলতানা খাতুন ও রিতুমনি একটি করে উইকেট পান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। অল্প রানেই টপঅর্ডারের দুই ব্যাটার আউট হয়ে গেলে ধাক্কা সামলাতে হিমশিম খেতে হয় দলকে।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তিনি ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন।
এ ছাড়া শারমিন সুলতানা ২৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭ এবং নাহিদা আক্তার ২০ রান করেন। দলীয় সংগ্রহ থামে ১৬৫ রানে।
শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাতু তিনটি উইকেট নেন। অন্য বোলাররাও গুরুত্বপূর্ণ সময়ে সাফল্য এনে দেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী শনিবার।