ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তান ডাগআউটে সাপ, ভিডিও ভাইরাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের আগে অপ্রত্যাশিত এক ঘটনা দেখা গেল ম্যাচের ভেন্যুতে। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান দলের ডাগআউটে দেখা গেছে একটি সাপ। যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
पाकिस्तान के डगआउट में सांप!
कोलंबो: शुक्रवार की शाम पाकिस्तान की टीम के प्रेमदासा स्टेडियम में पहुंचने के ठीक पहले उनके डगआउट में एक करीब छह-साढ़े छह फुट का सांप नज़र आया. जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है. #T20WorldCup | #IndVsPak pic.twitter.com/Q39JKq2iFM
— NDTV India (@ndtvindia) February 14, 2026
রোববার (১৫ ফেব্রুয়ারি) গ্রুপ ‘এ’–এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটির আগে শুক্রবার সন্ধ্যায় পাকিস্তান দলের অনুশীলন শুরুর ঠিক আগে ডাগআউটে সাপটি দেখা যায়। দ্রুত সেটিকে স্টেডিয়াম এলাকা থেকে সরিয়ে নেওয়া হলেও ঘটনাটির ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে মাঠের বাইরের এই অস্বস্তিকর ঘটনার মাঝেই মাঠের লড়াই ঘিরে প্রস্তুত দুই দল। পাকিস্তান দল এই ম্যাচে চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামতে পারে বলে জানা গেছে। দলটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলি আগা দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজানোর পক্ষে।
সম্ভাব্য স্পিন অপশনে রয়েছেন আবরার আহমেদ ও উসমান তারিক, আর পেস বিভাগে দেখা যেতে পারে শাহীন শাহ আফ্রিদি ও সালমান মির্জাকে। সে ক্ষেত্রে অলরাউন্ডারদের মধ্য থেকে একজনকে বাদ দিতে হতে পারে—শাদাব খান, মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের মধ্যে যে কেউ একাদশের বাইরে যেতে পারেন।
সূত্রটি জানায়, টপ অর্ডারে সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা, বাবর আজম ও উসমান খানের জায়গা প্রায় নিশ্চিত। ফলে ছয় ও সাত নম্বর পজিশন নিয়ে ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতের দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় বাঁহাতি স্পিনার নওয়াজকে বাইরে রাখার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। বরং ব্যাটিং ফর্ম ও অতিরিক্ত পেস অপশন হিসেবে ফাহিম আশরাফ এবং লেগ স্পিনের জন্য শাদাব খানকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিন পিচ ও আবহাওয়ার পরিস্থিতি দেখার পর।
এবারের টুর্নামেন্টে এই প্রথম আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামছে পাকিস্তান। এর আগে তারা শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও সেই ম্যাচগুলো হয়েছিল ডাম্বুলায়, আর বিশ্বকাপে নিজেদের আগের দুটি ম্যাচ খেলেছে সিনহালিজ স্পোর্টস গ্রাউন্ডে।
সব মিলিয়ে মাঠের বাইরের অদ্ভুত ঘটনাকে পেছনে ফেলে এখন দৃষ্টি জমে উঠা ভারত-পাকিস্তান মহারণের দিকেই।
সূত্র : এনডিটিভি