Advertisement

অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তির খবর পেল বাংলাদেশ

এশিয়া পোস্ট স্পোর্টস
অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তির খবর পেল বাংলাদেশ
শরিফুল ইসলাম। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তির খবর পেল বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। শিগগিরই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়ে দ্বিতীয় টেস্টের জন্য দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।

Advertisement

মঙ্গলবার শরিফুলের ফিট হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস জানিয়েছেন, এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত এই পেসার।

ক্রিকবাজকে নাফীস বলেন, ‘চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিল শরিফুল। সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এখন খেলার জন্য ফিট।’

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন শরিফুল। এরপর থেকেই পুনর্বাসন কার্যক্রমের মধ্যে ছিলেন তিনি। প্রথমে ১২ আগস্ট তার ফিটনেস পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও দ্রুত উন্নতি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাটি নেওয়া হয়।

চোটের কারণে আগামী ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না শরিফুল। তবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।

শরিফুলকে ফিরে পাওয়ার খবর বাংলাদেশের পেস আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নাহিদ রানা। তার জায়গায় জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয়েছে এবাদত হোসেনকে। এখন দ্বিতীয় টেস্টে শরিফুল যোগ দিলে পেস বিভাগে বিকল্প বাড়বে টিম ম্যানেজমেন্টের।

এদিকে প্রথম টেস্টের আগে লিটন দাসের ফিটনেস নিয়েও ইতিবাচক খবর দিয়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান। মঙ্গলবার দলের স্লিপ ক্যাচ ও উইকেটকিপিং অনুশীলনে অংশ নেন লিটন।

আশিকুর বলেন, ‘লিটনকে আপনারা স্লিপে ক্যাচ নিতে এবং উইকেটকিপিং করতে দেখেছেন। তার নড়াচড়া খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ।’

তবে এদিন দলের ব্যাটিং অনুশীলনে অংশ নেননি লিটন। ফুটবল খেলার পাশাপাশি ফিল্ডিং ও উইকেটকিপিং অনুশীলন করেছেন তিনি। প্রথম টেস্টের একাদশে তার থাকা এখনো নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্ট নিয়মিত তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করছে।

দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফিল্ডারদের মনোযোগ ধরে রাখার ওপর জোর দিচ্ছেন আশিকুর। বাংলাদেশের ফিল্ডিং কোচ বলেন, ‘টেস্ট ক্রিকেটে অনেকক্ষণ বল না-ও আসতে পারে। কিন্তু যখন একটি সুযোগ আসবে, সেটিই নিতে হবে। আধা সুযোগকে পূর্ণ সুযোগে পরিণত করাই আমাদের লক্ষ্য।’

আগামী বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তির খবর পেল বাংলাদেশ